পশুর বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে ডিসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোরবানির পশুর বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। প্রায় ১২ হাজার পরিচ্ছন্নতাকর্মী টানা তিন দিন অভিযান চালিয়েও নগরকে পুরোপুরি বর্জ্যমুক্ত করতে পারেননি। ফলে এখনো ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের দুর্গন্ধ ও ময়লা-আবর্জনার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা এ জন্য যেমন কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছেন, তেমনি দায়ী করেছেন অনেক নাগরিকের অসচেতনতাকেও। খোঁজ নিয়ে জানা গেছে, পুরান ঢাকার আরমানীটোলা অস্থায়ী পশুর হাটসংলগ্ন গোটা এলাকা, লক্ষ্মীবাজারের নন্দলাল দত্ত লেন, জিন্দাবাহার লেন, লালবাগের আজিমপুর, লালবাগ রোড, চৌধুরীবাজার, রসুলবাগ, গণকটুলী, বেলতলী লেন, মোহাম্মদপুরের বিজলী মহল্লা এবং বিহারি ক্যাম্পের আশপাশে গতকালও তীব্র দুর্গন্ধ ছিল। সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব এলাকায় ঈদের দিন বুধবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত তিন দিন ধরেই পশু কোরবানি দেওয়া হয়েছে। অনেকে পশু জবাইয়ের পর নাড়িভুঁড়ি সরাসরি ড্রেনে ফেলে দিয়েছেন। এর ফলে ড্রেন আটকে গিয়ে নোংরা পানিতে তলিয়ে গেছে পথ। নয়াবাজার: পুরান ঢাকার নয়াবাজারে এবারও সড়কের ওপর বিস্তৃত এলাকা জুড়ে পশুর হাট বসানো হয়। ঈদের দুপুর থেকে দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী একটানা গতকাল রাত পর্যন্ত সেখানে বর্জ্য অপসারণ করছিলেন। গতকাল বিকেলে এক কর্মী বলেন, যে পরিমাণ ময়লা জমা হয়েছে, তা সব পরিষ্কার করতে আরও এক দিন লেগে যেতে পারে। লালবাগ: গতকাল শুক্রবার পর্যন্ত লালবাগ রোড, শেখসাহেব বাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছিল। গতকাল জিন্দাবাহার লেন ও লক্ষ্মীবাজারের নন্দলাল দত্ত লেনে দেখা যায়, যত্রতত্র কোরবানির বর্জ্য স্তূপ করে রাখা। বর্জ্যের স্তূপের জন্য এই সড়ক দিয়ে রিকশাও ঠেলে নিতে পারছিলেন না চালকেরা। একই অবস্থার অভিযোগ করেছেন নগরের আরও অনেক এলাকার বাসিন্দারা। এ ব্যাপারে ডিসিসির প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘কোরবানির বর্জ্য অপসারণ করে নগর পরিচ্ছন্ন রাখতে ডিসিসি সর্বশক্তি নিয়োগ করেছে। সব ছুটি বাতিল করে সাড়ে ১১ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে কাজে নিয়োগ করা হয়েছে। তাঁরা দিনে এবং রাতে একটানা কাজ করছেন। তবে এই কার্যক্রম তখনই সফল হবে, যখন এতে সবার সমন্বিত সহযোগিতা থাকবে।’ ডিসিসির উদ্যোগ: গত বুধবার ঈদের দিন দুপুরে ঢাকার মেয়র সাদেক হোসেন কোরবানির পশুর বর্জ্য অপসারণ অভিযানের উদ্বোধন করেন। ডিসিসি সূত্র জানিয়েছে, নগরের সড়ক ও অলিগলি পরিষ্কার করতে এবার এক হাজার ৫০০ লিটার স্যাভলন এবং ৫০০ কেজি ব্লিচিং পাউডার বরাদ্দ হয়েছে। এই কাজ করতে ৩১৭টি ট্রাক, ১৪০টি কনটেইনার, ১৪টি পানিবাহী গাড়ি, ২৫টি ডাম্পার এবং ছয়টি পে-লোডারসহ আরও ৩৪টি যন্ত্র ব্যবহূত হচ্ছে।