পশুর বর্জ্যের দুর্গন্ধে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার পশু জবাইয়ের জন্য জবাইখানা থাকলেও এর বর্জ্য পরিষ্কার না করায় তৈরি হচ্ছে ভোগান্তি। জবাই করার ফলে নোংরা হয়ে যাওয়া জায়গাতেই আবার চলছে পশু জবাই। অপরিষ্কার জবাইখানায় একের পর এক পশু জবাই চলায় জমে উঠছে বর্জ্যের স্তূপ। এতে বর্জ্যের দুর্গন্ধে আশপাশের মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। অনেকে জবাইখানার নোংরা পরিবেশ এড়াতে অন্যত্র পশু জবাই করছেন।
এলাকাবাসী ও পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, শহরের বারোদুয়ারী হাটের মধ্যে ২০০৬ সালে মাংস বিক্রির নির্ধারিত জায়গার (কসাইপট্টি) পাশে ৮ শতাংশ জমিতে পৌরসভার অর্থায়নে পশু জবাইখানা করা হয়। প্রতিবছর দরপত্রের মাধ্যমে এ জবাইখানা ইজারা দেওয়া হয়। পৌরশহরে নির্ধারিত তিনটি হাটবাজারসহ আরও সাতটি বাজারের মাংস ব্যবসায়ীদের পশুও এখানে নিয়মিত জবাই করা হয়।
স্থানীয় ছয়জন মাংস বিক্রেতা বলেন, প্রতিদিন এখানে অন্তত ৬০ থেকে ৭০টি গরু ও ছাগল জবাই করা হয়। তবে জবাই করা এসব পশুর বর্জ্য পরিষ্কার করা হয় না। এতে জবাইখানা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দুর্গন্ধে এ জবাইখানায় যাওয়াই কঠিন। তাই অনেক মাংস বিক্রেতা নিজ বাড়ি বা শহরের বিভিন্ন মহল্লার সড়কের পাশে পশু জবাই করছেন।
জবাইখানার ইজারাদার রাজিবুল ইসলাম বলেন, নির্ধারিত স্থানে পশু জবাই করতে না পেরে অনেক মাংস বিক্রেতা শহরের যেখানে-সেখানে পশু জবাই করায় পরিবেশ নষ্ট হচ্ছে। জবাইখানার এ সমস্যার কথা পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, নির্ধারিত স্থান ছাড়া অন্যত্র পশু জবাই করা হলে পরিবেশ নষ্ট হবে এবং তা আইনত অপরাধ।
সরেজমিনে গত বুধবার সকালে দেখা যায়, জবাইখানায় কয়েকজন মিলে গরু জবাই করছেন। পরে রক্তসহ গরুর উচ্ছিষ্ট অংশ সেখানেই পড়ে থাকতে দেখা যায়। পাশেই পশুর উচ্ছিষ্ট অংশ ফেলে স্তূপ করা হয়েছে। জবাই করার ওই জায়গায় প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা নেই। বর্জ্যের দুর্গন্ধে সেখানে টেকা যায় না। জবাইখানায় কুকুরের উপদ্রব দুর্ভোগের নতুন মাত্রা যোগ করেছে।
জবাইখানাসংলগ্ন এক বাড়ির বাসিন্দা আবদুল মজিদ। তিনি বলেন, পশুর বর্জ্যের দুর্গন্ধে তাঁদের দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে।
স্থানীয় মাংস বিক্রেতা হাফিজুর রহমান বলেন, মাংস বিক্রির জন্য প্রতিদিন শেরপুর শহরে ৬০ থেকে ৭০টি গরু-ছাগল জবাই করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে বড় আকারের গরু ও মহিষগুলো ময়লা-আবর্জনার মধ্যেই জবাই করা হয়। তবে বেশির ভাগ ছাগল জবাই করা হয় শহরের বিভিন্ন রাস্তার পাশে। এসব মাংস পৌরসভার নির্ধারিত বারোদুয়ারী হাটে সপ্তাহের সোম, বৃহস্পতিবারসহ প্রতিদিন সকাল বাজার ও বৈকাল বাজারে বিক্রি করা হয়। এ ছাড়া রেজিস্ট্রি অফিস মোড়, কর্মকারপাড়া, বাসস্ট্যান্ড এলাকার দুটি জায়গা, দুবলাগাড়ী বাজার, কলেজ রোড ও ফুলবাড়ী সেতুর পাশে বাজারে মাংস বিক্রি হয়ে থাকে।
আরেক মাংস বিক্রেতা গোলাম রব্বানী বলেন, পৌরসভার এ নির্ধারিত স্থান ছাড়া তাঁরা অন্যত্র পশু জবাই করলেও পৌরসভার নির্ধারিত টোল (খাজনা) ঠিকই দিতে হয়। তবু পশু জবাইখানার উন্নয়ন হয় না। গত পাঁচ বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বর্জ্য পরিষ্কার করতে বললেও কাজ হয়নি।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ উদ্দিন আহমেদ বলেন, ২০০৬ সালে এ পশু জবাইখানা স্থাপন করা হলেও পৌরসভার অর্থসংকটে এর সংস্কার করা যায়নি। জবাইখানার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তিনি পৌর পরিষদের সভায় তুলে ধরেছেন।
শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, পুরোনো জবাইখানার স্থলে আধুনিক পশু জবাইখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ওই স্থান থেকে বর্জ্য অপসারণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।