মাংসের বাজার চড়া

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কী না কী হয়—ভেবে মাংস কিনতে বাজারে যান মহসীন আহমেদ। দাম শুনে তাঁর আক্কেল গুড়ুম। শেষমেশ নির্ধারিত বাজেটে চাহিদার চেয়ে কম মাংস কিনে এই বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে বাড়ি ফিরতে হয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা হরতাল-অবরোধে রাজধানীতে গরুর মতো খাসির মাংসের বাজারও এখন চড়া।
ব্যবসায়ীদের দাবি, হরতাল-অবরোধে গরু-খাসির সরবরাহ কমে গেছে। দামও বেড়েছে। পশুবাহী যানবাহনে পেট্রলবোমা পড়ছে। বেড়েছে পরিবহন খরচ। কমে গেছে কেনাবেচা। এর প্রভাব পড়েছে মাংসের বাজারে।
তিন কেজি গরুর মাংস কেনার ইচ্ছা নিয়ে আজ বুধবার সকালে মিরপুর ১ নম্বর বাজারে একটি দোকানে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা মহসীন। সেখানে এই প্রতিবেদকও উপস্থিত ছিলেন। ফুরফুরে মন নিয়ে দোকানির কাছে গরুর মাংসের দাম জানতে চান মহসীন। ছুরি হাতে মাংস কাটতে কাটতে দোকানি হালিম মিয়া বলেন, ‘কেজি লইব ৩৫০ ট্যাকা।’
দাম শুনে চোখমুখ ফ্যাকাসে হয়ে যায় মহসীনের। একটু ভেবে নিয়ে আমতা আমতা করে তিনি দোকানিকে বলেন, ‘ভাই, দেড় কেজি দেন।’
পরে মহসীন বলেন, ‘এও কী সম্ভব! অবরোধের আগে ২ জানুয়ারি গরুর মাংসের কেজি ছিল ২৭০ টাকা। এক লাফে তা বেড়ে কোথায় গেছে।’
হরতাল-অবরোধ অব্যাহত থাকলে গরুর মাংসের দাম আরও বাড়তে পারে বলে অশনিসংকেত দিয়েছেন বেশ কয়েকজন বিক্রেতা।
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সেসব জায়গায়ও গরুর মাংসের দাম বেশ বেড়েছে। একই অবস্থা খাসির মাংসের ক্ষেত্রেও। ৪৫০ টাকা কেজির খাসির মাংস এখন ৬০০ টাকা ছুঁই ছুঁই।
গরু ও খাসির মাংসের দাম বাড়ার জন্য ২০-দলীয় জোটের চলমান অবরোধ-হরতালকে দায়ী করেছেন মাংস ব্যবসায়ীরা। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, ঢাকায় প্রায় এক হাজার ২০০টি মাংসের দোকান আছে। চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে পশুর সরবরাহ না থাকায় অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে।
মাংস ব্যবসায়ীদের এই নেতার ভাষ্য, শুধু রোজার মাসে বিক্রির জন্য মাংসের দাম নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন। বছরের বাকি সময় পশু সরবরাহের ওপর দাম ওঠা-নামা করে। মাংসের দাম বাড়ছে। আবার চামড়ার দামও কমে গেছে।
মাংস ব্যবসায়ীদের দাবি, দুই মণ ওজনের একটি গরুর দাম এক মাসের ব্যবধানে ৩০ হাজার থেকে বেড়ে ৩৮ হাজার টাকা হয়েছে।
মাংস ব্যবসায়ী নেতা রবিউল আলম বলেন, ‘২ জানুয়ারি রাইতে ট্রাকে করে গরু আইতাছিল গাবতলীতে। গাইবান্ধায় সেই ট্রাকে পেট্রলবোমা পড়ে। ট্রাকের চালক ও হেলপার অহন হাসপাতালে। সাহস কইর্যা কে গরু আনব। মাংস বেচতে গিয়া আমাগো মাংসই পুড়তাছে।’
সহিংস রাজনৈতিক কর্মসূচির প্রভাবে মাংস বিক্রির পরিমাণ কমে যাওয়ারও দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রতিবাদে তাঁরা ১ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।
চেইন শপ মীনা বাজারের মহাব্যবস্থাপক (সাপ্লাই চেইন) ফেরদৌস সালেহীন বলেন, ‘যশোর ও পঞ্চগড়ের নিজস্ব ফার্ম থেকে পশু এনে জবাই করে আমরা বিক্রি করি। অবরোধের আগে ট্রাক ভাড়া ছিল ১৩ হাজার টাকা। এখন ৪০ হাজার টাকায়ও ট্রাক পাওয়া যাচ্ছে না।’
মীনা বাজারের এই কর্মকর্তার ভাষ্য, ‘মাংসের দাম তো বাড়ছেই। পাশাপাশি মান ও সরবরাহ ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
পশুর মাংসের দাম অতীতে এতটা বাড়েনি বলে উল্লেখ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমন অবস্থায় আমরা আগে কখনো পড়িনি। বিয়য়টি নিয়ে আমরা মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব।’