পশুর সরবরাহ প্রচুর, এখনো ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পটিয়ার দুই হাটে পশু বিক্রি শুরু হয়েছে। পশুর সরবরাহ প্রচুর থাকলেও এখনো ক্রেতা কম। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ও থানার হাটে প্রতিদিন চলছে পশু কেনাবেচা। দুটি হাটই পৌর এলাকায়।

গতকাল সোমবার বিকেলে দুটি হাট ঘুরে দেখা গেছে, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচুর গরু, মহিষ ও ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। দেশি গরুই বেশি চোখে পড়েছে। পশুর সরবরাহ প্রচুর। তবে ক্রেতাদের আনাগোনা কম। বিক্রেতারা জানালেন,
হাট জমে উঠবে দু-এক দিনের মধ্যেই।

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠের পশুর হাটে কথা হয় বিক্রেতা ইদ্রিস মিয়ার সঙ্গে।

হাইদগাঁও গ্রামের এই বাসিন্দা নিয়ে এসেছেন হাটের সবচেয়ে বড় গরু। সাড়ে আট মণ ওজনের গরুটির দাম হাঁকা হয়েছে তিন লাখ টাকা। এক ক্রেতা আড়াই লাখ টাকা পর্যন্ত দরদাম করেছেন। কিন্তু তিনি রাজি হননি।

থানার হাটের মহিষ ব্যাপারী মিজানুর রহমান বলেন, গত চার দিন আগে এ বাজারে তিনি লাকসামের সিটি বাজার থেকে ভারতীয় ৬০টি মহিষ নিয়ে এসেছেন। গতকাল সোমবার পর্যন্ত আটটি বিক্রি হয়েছে। আরও কয়েক দিন সময় আছে। সব কটি বিক্রি হয়ে যাবে।

পটিয়া পৌর এলাকার কাউন্সিলর আবদুল মান্নান বলেন, ‘দুটি হাট ঘুরে ১৬টি গরু দেখেছি। কিন্তু দাম হাঁকা হচ্ছে বেশি। তাই এখনো গরু নিতে পারিনি।’

এদিকে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একটি ভেটেরিনারি মেডিকেল দল সার্বক্ষণিক হাটে দায়িত্ব পালন করছে দুটি হাটে। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠের হাটে কথা হয় চিকিৎসক দলের সদস্য ভেটেরিনারি সার্জন রাজীব চক্রবর্তী সঙ্গে। তিনি বলেন, সুস্থ পশু কেনার জন্য ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন তাঁরা। এ ছাড়া পশুর হাটে হঠাৎ কোনো পশু রোগাক্রান্ত হলে চিকিৎসা দেওয়ার জন্য পাঁচ সদস্যের দল কাজ করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর বলেন, পটিয়া উপজেলার পাঁচটি পশুর হাটে তাঁদের ভেটেরিনারি মেডিকেল দল সার্বক্ষণিকভাবে কাজ করছে।