পশুর হাট ঘিরে জমে উঠছে মৌসুমি ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আটটি পশুর হাটকে কেন্দ্র করে জমে উঠছে নানা মৌসুমি ব্যবসা। এসব হাটের পাশে কেউ বিক্রি করছেন চাটাই, টুকরি, গাছের গুঁড়ি। দেদার বেচা হচ্ছে পশুখাদ্যও। এমনকি কোরবানির পশুর জন্য কাগজ ও কাপড়ের মালাও বিক্রি হচ্ছে। তাজা ঘাস বিক্রেতাদেরও দেখা মিলছে পশুর হাটগুলোর আশপাশে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের কর্ণফুলী পশুর হাট থেকে গরু কিনে বের হচ্ছিলেন এনায়েতবাজার এলাকার বাসিন্দা মো. আলফাজ উদ্দিন। সঙ্গে ছিল ১২ বছর বয়সী ছেলে রিয়াজ ও ভাইপো তানভীর। হাট থেকে বের হওয়ার পর রাস্তায় মালার দোকান দেখে হইচই শুরু করল রিয়াজ ও তানভীর। তাদের আগ্রহে গরুর গলায় ও শিংয়ে জড়ানোর জন্য দুটি মালা কেনেন আলফাজ উদ্দিন। সঙ্গে কিনলেন গরুর জন্য খৈল ও ভুসি। বিক্রেতা মামুনুল ইসলাম বললেন, ‘সারা বছর অন্য কাজ করি। পাঁচ বছর ধরে কোরবানির ঈদের আগে কয়েক দিন এ ব্যবসা করি। আয় ভালোই হয়।’

গরু সাজানোর উপকরণেও রয়েছে নানা বাহার। গলায় পরানোর জন্য কাগজ বা কাপড়ের ফুলের মালার পাশাপাশি ভালো বিকোচ্ছে ঘণ্টি দেওয়া মালা। শিংয়ে জড়ানোর জন্য রয়েছে ঝলমলে জরির মালা। কপালের জন্য বিক্রি হচ্ছে সোনালি রঙের চাঁদ আকৃতির মালা। এসব মালার দাম ২০ থেকে ২০০ টাকা।

বিবিরহাট পশুবাজারের বাইরে গোখাদ্য বিক্রির অস্থায়ী দোকান খুলে বসেছেন শামসুল আলম। তাঁকে সাহায্য করছে স্কুলপড়ুয়া তিন ছেলে। শামসুল আলম জানান, প্রায় দেড় যুগ ধরে কোরবানির ঈদের আগে এই মৌসুমি ব্যবসা করছেন তিনি। যেদিন থেকে হাটে পশু আসতে শুরু করে সেদিন থেকে তিনিও গোখাদ্য নিয়ে বসেন। হাটের ব্যাপারীরা তাঁদের পশুর জন্য খাবার কেনেন, পাশাপাশি পশু ক্রেতারাও এসব খাবার কিনে নেন।

মৌসুমি বিক্রেতারা জানান, পশুখাদ্য হিসেবে গমের ভুসি, পাতার ভুসি, ধানের ভুসি, ছোলার ভুসি, খৈল, শুকনো খড় ও তাজা ঘাস বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ভুসি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায় আর খৈল ৪০ টাকায়। এক আঁটি শুকনো খড় বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এক আঁটি তাজা ঘাস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

ঈদ নিয়ে জমে উঠেছে টুকরি, চাটাই আর গাছের গুঁড়ি বিক্রিও। বিবিরহাটে ফুটপাতের ওপর গতকাল চাটাই আর গাছের গুঁড়ি বিক্রি করছিলেন মো. গিয়াস উদ্দিন। গত বুধবার নোয়াখালীর মাইজদী থেকে এসব পণ্য নিয়ে এসেছেন তিনি। আট বছর ধরেই কোরবানির ঈদের আগের পাঁচ দিন চট্টগ্রামে এসে এই ব্যবসা করেন তিনি। গিয়াস বললেন, পশু কেনা শেষ হলে মানুষ মাংস কাটার জন্য চাটাই কিংবা গাছের গুঁড়ি কেনেন। সে কারণে ঈদের আগের দুই দিন বেশি বেচা-বিক্রি হয়। আকারভেদে তেঁতুলগাছের গুঁড়ি বিক্রি হচ্ছে ১০০ থেকে ৩৫০ টাকায়, টুকরি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায় আর চাটাই বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়।

ঈদ উপলক্ষে বেড়েছে দা-বঁটি ও অ্যালুমিনিয়ামের হাঁড়ি-কড়াই বিক্রির পরিমাণও।