
বিকেল সোয়া চারটা। পশুর হাটের ভেতর চিরচেনা সেই জমজমাট পরিবেশ নেই। সারি সারি বাঁশের খুঁটি থাকলেও অনেকগুলোই ফাঁকা। দরদাম নিয়ে কোনো হাঁকডাক নেই। ব্যাপারী থাকলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম। যে কজন এসেছেন তাঁরা ভিড় জমিয়েছেন হাটের বড়সড় আকারের একটি গরুর চারপাশে। কেউ কেউ মুঠোফোনে সেই গরুর ছবি তুলে নিচ্ছিলেন। কাছে গিয়ে জানা গেল, গরুর দামের কারণেই মূলত ভিড়। ব্যাপারী আবদুল্লাহ আল মামুন এই গরুর দাম হাঁকিয়েছেন ৭ লাখ টাকা!
চট্টগ্রাম নগরের বিবিরহাট পশুর হাটের গতকাল বৃহস্পতিবারের চিত্র এটি। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রাম নগরে কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে প্রথম দিনে তেমন জমেনি নগরের আটটি পশুর হাট। এখনো হাটগুলোতে চলছে বাঁশের খুঁটি ও ত্রিপল টানানোর প্রস্তুতি। এর মধ্যেই বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে। এখন ক্রেতাদের অপেক্ষায় আছেন বিক্রেতারা।
নগরের হাটগুলোতে আসা ব্যাপারী ও ইজারাদারেরা জানান, এবার গরুর দাম গতবারের তুলনায় কিছুটা বেশি। হাটে আসা গরুর মধ্যে দেশি জাতের গরুর সংখ্যা বেশি। শুক্র ও শনিবারের মধ্যে হাটগুলো পশুতে ভর্তি হয়ে যাবে। তখন দামও কমে আসবে।
গত বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ১৪টি গরু নিয়ে এসেছেন ব্যাপারী আবদুল্লাহ আল মামুন ও মোহাম্মদ পান্না। প্রথম আলোকে তাঁরা বলেন, হাটে এসেছেন দুই দিন। কিন্তু এখনো একটি গরুও বিক্রি করতে পারেননি। হাটে যে কজন এসেছেন, তাঁরা কেনার চেয়ে দরদাম করতেই বেশি আগ্রহী ছিলেন। এই দুই ব্যাপারী জানান, তাঁদের কাছে থাকা সবচেয়ে ভালো গরুটির দর ৭ লাখ টাকা হাঁকিয়েছেন। বাকি গরুগুলো ২ থেকে ৪ লাখ টাকার মধ্যে বিক্রি করার পরিকল্পনা তাঁদের।
বন্যার কারণে এবার আগেভাগে গরু নিয়ে হাটে চলে এসেছেন নওগাঁ জেলার সাপাহার এলাকার ব্যাপারী জিয়াউর রহমান। গত রোববার আটটি ট্রাকে ১২৬টি গরু নিয়ে বিবিরহাটে আসেন তিনি। কিন্তু এখনো কোনো গরু বিক্রি করতে পারেননি। জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, শহরে গরু রাখার সুযোগ কম। তাই লোকজন ঈদের দুই-এক দিন আগে গরু কেনেন।
নগরের বিবিরহাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাকলিয়ার নূরনগর হাউজিং সোসাইটি মাঠে বসেছে কর্ণফুলী পশুর হাট। এই হাটে পাবনা থেকে ট্রাকে করে ১৫টি গরু নিয়ে আসেন ব্যাপারী আমজাদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রচণ্ড জ্যাম। আসতে অনেক সময় লেগেছে। এই হাটের আরেক বিক্রেতা মোহাম্মদ এরশাদ আশা করছেন, আগামী মঙ্গলবার থেকে হাট জমে উঠবে।
কর্ণফুলী পশুর হাটের ইজারাদার মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, হাটের সব প্রস্তুতি প্রায় শেষ। তিন-চার দিনের মধ্যে বিক্রিও শুরু হবে।