পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
গাইবান্ধার অধিকাংশ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিক্রেতাদের কাছেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। ফলে কোরবানির পশু কিনতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে।
এদিকে প্রতিটি হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ হাটে তালিকা টাঙানো হয়নি।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক প্রথম আলোকে জানান, গবাদিপশুসহ ১২৫ ধরনের দ্রব্য বেচাকেনার জন্য টোল নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিটি গরু ও মহিষ সর্বোচ্চ ২০০ টাকা, প্রতিটি ছাগল ও ভেড়ার জন্য ৮০ টাকা টোল নির্ধারণ করা হয়। গবাদিপশুর ক্ষেত্রে শুধু ক্রেতা টোল দেবেন। এ-সংক্রান্ত একটি চিঠি গত ১৪ মে জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেওয়া হয়েছে। তাঁদের সার্বক্ষণিক তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় অর্ধশতাধিক হাট রয়েছে। এর মধ্যে অন্তত ২৫টি হাটে পশু বেচাকেনা শুরু হয়েছে। বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর ও লক্ষ্মীপুর, পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট, সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও পাঁচপীর, সাঘাটা উপজেলার ভরতখালী, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, সাদুল্যাপুর উপজেলার মহিষবান্দি, গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ ও ফাঁসিতলা হাটে অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে।
কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায়ের পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। গত শুক্রবার সদর উপজেলার দারিয়াপুর হাটে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের চিত্র দেখা গেছে। উপজেলার ঘাঘোয়া গ্রামের কলেজশিক্ষক ময়নুল হক বলেন, ‘এই হাটে কোরবানির একটি গরু কিনে আমাকে ৩৫০ টাকা টোল দিতে হয়েছে।’ খোলাহাটি গ্রামের কৃষক ও গরু বিক্রেতা হারুন মিয়া বলেন, ‘একটি গরু বিক্রির পর আমার কাছ থেকে ১৫০ টাকা টোল নিল ইজাদারের লোকজন।’
দারিয়াপুর ক্ষুদ্র ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আবদুল জলিল জানান, হাটে টোল আদায়ের মূল্য তালিকা থাকলে ইজাদারেরা অতিরিক্ত টাকা নিতে পারবেন না। তাই ইজাদারেরা মূল্য তালিকা লাগান না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।
দারিয়াপুর হাট ইজারদার আরিফ মিয়া জানান, ঈদের সময় হাটে অতিরিক্ত লোক নিয়োগ ও ডেকোরেশন করতে হয়। এ জন্য খরচ বেড়ে যায়। তাই ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে সামান্য টাকা বেশি নেওয়া হয়।
গত শনিবার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে গিয়েও একই ধরনের দৃশ্য চোখে পড়ে। ভরতখালীর পাশের গজারিয়া গ্রামের কৃষক আলম মিয়া বলেন, ‘এই হাটে একটি গরু বিক্রি করি। কিন্তু আমার কাছ থেকে ২০০ টাকা টোল নেওয়া হয়।’ একই গ্রামের ব্যবসায়ী সোলায়মান আলী জানান, এই হাটে কোরবানির গরু কিনে ৪০০ টাকা টোল দিতে হয়েছে।
পলাশবাড়ীর কালীবাড়ি হাটেও বেশি টোল নেওয়া হচ্ছে। উপজেলার মহদিপুর গ্রামের কৃষক বাবু মিয়া (৪৫) বলেন, ‘এই হাট থেকে একটি গরু কিনেছি। কিন্তু আমার কাছ থেকে ৪০০ টাকা টোল নেওয়া হয়েছে।’
ভরতখালী হাটের ইজারদার মোহাম্মদ আলী ও কালীবাড়ি হাটের ইজারদার আয়ান মিয়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেন।