পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
কোরবানি উপলক্ষে পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল (খাজনা) আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুরে নিয়মিত ১০টি ও অস্থায়ী ২০টি পশুর হাট রয়েছে। ইজারাদারেরা পশুর ক্রেতা-বিক্রেতাকে জিম্মি করে এ অতিরিক্ত টাকা আদায় করছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ থেকে প্রতিবছর ১০টি পশুর হাটের ইজারা দেওয়া হয়। কোরবানি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আরও ২০টি অস্থায়ী পশুর হাট বসেছে। সরকারি নিয়ম অনুযায়ী গরু ও উটের দামভেদে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করার কথা। কিন্তু হাটগুলো ঘুরে দেখা গেছে, বিক্রীত টাকা থেকে শতকরা পাঁচ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে। কোরবানি উপলক্ষে এ বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে পশু ক্রেতা ও বিক্রেতারা অভিযোগ করেছেন। স্থানীয় প্রশাসন অস্থায়ী কোনো হাটের অনুমোদন দেয়নি। প্রতিটি পশুর হাটে প্রতিদিন এক কোটি থেকে পাঁচ কোটি টাকার গরু, ছাগল ও উট বিক্রি হচ্ছে।ভোজেশ্বর হাটের গরু বিক্রেতা আলমাস সরদার বলেন, ‘আমি ৩৫ হাজার টাকায় গরু বিক্রি করেছি। তা থেকে এক হাজার ৭৫০ টাকা হাসিল রেখেছে। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে ইজারাদারের লোকজন গরু বিক্রিতে বাধা দেয়। বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হয়েছে।’ গোসাইরহাট কোরবানির পশুর হাটের ইজারাদার লোকমান সরদার বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে কোনো অতিরিক্ত অর্থ আদায় করছি না। সরকারি নিয়ম অনুযায়ী টাকা আদায় করে রসিদ দিচ্ছি। আমার অজান্তে কোনো কর্মী অতিরিক্ত অর্থ আদায় করেছে কি না, তা জানা নেই।’ নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা-আল-মামুন বলেন, ‘ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা অন্যায়। আমরা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। নিয়মিত হাটের বাইরে কোনো অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমতি দেওয়া হয়নি।