স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
পশুর হাটে অবরুদ্ধ হবে চার হাসপাতাল

রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালের সামনে পশুর হাট না বসাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ রাখছে না ঢাকা উত্তর সিটি করপোরেশন। করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে ইতিমধ্যে আগারগাঁওয়ে অন্তত চারটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ঘিরে হাটের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, হাটের কারণে রোগীরা চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়বেন। এর আগের বছরগুলোতেও একই রকম দুর্ভোগে পড়তে হয়েছে সারা দেশ থেকে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীদের। এবারও এর কোনো সুরাহা হলো না।
আগারগাঁও এলাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে। কাছেই মিরপুর রোডে রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ আরও চারটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান।
সিটি করপোরেশন সূত্র জানায়, এ বছর আগারগাঁও হাটের ইজারা পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ। এস এম জাহিদের অন্যতম সহযোগী শেখ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) মাঝখানের জায়গা, জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের সামনের ৬০ ফুট চওড়া রাস্তা ও চক্ষুবিজ্ঞান হাসপাতালের পেছনের জায়গায় তাঁরা হাট বসাবেন। রাস্তার ওপর পশুর হাট বসালে রোগীদের ভোগান্তি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক টাকা দিয়ে ইজারা নিয়েছি। কোরবানির পশু রাস্তায় রাখতে হবে।’
পশুর হাটের কারণে বিগত কয়েক বছরে রোগীদের ‘অবর্ণনীয় কষ্টের’ কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ৩ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দেন। ইজারাদানকারী প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে।
স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে হাসপাতালসংলগ্ন এলাকায় যেন পশুর হাট না বসে সে ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। তিনি লেখেন, ‘...এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনকে অবগত করা হলেও গত বছর কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। এবারও ঢাকা সিটি করপোরেশন হাসপাতালসংলগ্ন এলাকায় গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।’
দেশের সব সরকারি হাসপাতালের আশেপাশে যেন কোনো কোরবানির হাট না বসে তার ব্যবস্থা নেওয়ার নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এক মাস আগেই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালককে নির্দেশ দেয়। কিন্তু চেষ্টা চালিয়েও সফল হয়নি হাসপাতালগুলো।

২৫০ শয্যার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দিনে গড়ে প্রায় ২৫টি অস্ত্রোপচার হয়। জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে প্রতিদিন ১৫-২০টি রোগী স্ট্রোকে আক্রান্ত হয়ে বা মাথায় আঘাত নিয়ে জরুরি বিভাগে আসেন। ৫০০ শয্যার পঙ্গু হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫-৩০টি অস্ত্রোপচার হয়। দিনে প্রায় ২০০ রোগী জরুরি বিভাগে ভর্তি হন। প্রায় ৬০০ শয্যার ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে সেবা নিতে আসে এক হাজারেরও বেশি শিশু। শিশুদের সব ধরনের অস্ত্রোপচারও হয় এখানে।
জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক মো. বদরুল আলম প্রথম আলোকে বলেন, ঈদের সময় সরকারি হাসপাতালের ওপর চাপ পড়ে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। একদিকে বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না পাওয়ার আশঙ্কা, অন্যদিকে সড়ক দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পাওয়া রোগী আসেন।
জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও ঢাকা শিশু হাসপাতালের কয়েকজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, প্রতিবছর কোরবানির পশু রাখার কারণে জরুরি সেবা নিতে আসা শত শত রোগী ভোগান্তিতে পড়েন। অ্যাম্বুলেন্স শ্যামলীতে রেখে মুমূর্ষু রোগীকে কয়েকজন মিলে ধরাধরি করে হাসপাতালে আনতে হয়। এবারও একই রকম পরিস্থিতির আশঙ্কা করছেন তাঁরা।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পর চোখে সামান্য চাপ পড়লেও রোগীর ক্ষতি হয়। অস্ত্রোপচারের রোগী যদি গন্ধে বমি করে ফেলেন তাহলে তিনি দৃষ্টিশক্তিও হারাতে পারেন।
জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যাঁরা হাটের ইজারা নিয়েছেন তাঁরা শক্তিশালী হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার থাকে না। তাঁরা নিয়ম অনুযায়ী ঢাকা সিটি করপোরেশন ও পুলিশকে জানিয়ে থাকেন।
পঙ্গু হাসপাতালের পরিচালক হামিদুল হক খন্দকার ও ঢাকা শিশু হাসপাতালের পরিচালক মনজুর হোসেন জানান, তাঁরা আলাদাভাবে আজ ঢাকা সিটি করপোরেশন ও মহানগর পুলিশকে বিষয়টি জানাবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম অবশ্য বলেছেন, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের রাস্তা তাঁরা ইজারা দেননি। তবে পঙ্গু হাসপাতালের উল্টো দিকের ফাঁকা জায়গাটা ইজারা দেওয়া হয়েছে। রাস্তার ওপর যেন কোরবানির পশু রাখা না হয়, ভ্রাম্যমাণ আদালত সে বিষয়টি খেয়াল রাখবেন বলে দাবি করেন তিনি।