পশুর হাটে অবরুদ্ধ হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুর হাটের কারণে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল (জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল) অবরুদ্ধ হয়ে পড়েছে। পাশের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানেরও (পঙ্গু হাসপতাল) প্রায় একই অবস্থা। এসব হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর পশুর হাটের মাইকের শব্দ, ক্রেতা-বিক্রেতাদের হইচই তো রয়েছেই। 
পঙ্গু হাসপাতালের উল্টোদিকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইও) অবস্থান। এনআইওর পূর্বদিকের ফুটপাত থেকে শুরু হয়ে বাঁ দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সামনের সড়কটি মিলেছে আগারগাঁও তালতলা প্রধান সড়কের সঙ্গে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, নিউরোসায়েন্স হাসপাতালের সামনে পুরো সড়কটিতেই পশুর হাট। এই হাট হাসপাতালের প্রধান ফটক পর্যন্ত এসে ঠেকেছে। সড়কটিতে পশুর মল-মূত্র ও গোখাদ্যে একাকার হয়ে যাওয়ায় হেঁটে স্বাভাবিক চলাচলের জো নেই। হাসপাতালে ঢোকার বিকল্প কোনো পথও নেই। এই হাসপাতালে মূলত স্ট্রোক ও মাথায় আঘাত পাওয়া রোগীদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশুর হাটের কারণে অনেকেই নিউরোসায়েন্স হাসপাতালে পৌঁছাতে না পেরে ফিরে গেছেন। সংকটাপন্ন রোগীবাহী যানবাহন অনুরোধ করে হাপসাতালে ঝুঁকি নিয়ে পৌঁছাতে পারলেও তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় পশু এসব জরুরি যানবাহনের সামনে এসে পড়ে। এতে রোগীসহ স্বজনদের মধ্যে তৈরি হয় আতঙ্ক।
গতকাল বেলা আড়াইটার দিকে নিউরোসায়েন্স ইনস্টিউটের জরুরি বিভাগে কথা হয় রাজীব হোসেনের সঙ্গে। নিজের বোন শারমিন আক্তারের চিকিৎসার জন্য তিনি এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের বাবর রোডের একজন চিকিৎসক শারমিনকে নিউরোসায়েন্সে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। শ্যামলী শিশুমেলার উল্টো পাশের রাস্তা দিয়ে অসহনীয় যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে পাঁচ মিনিটের পথ ৪৫ মিনিট লেগেছে। তিনি বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পূর্ব পাশের মোড় দিয়ে নিউরোসায়েন্সে যেতেই দেখেন রাস্তার ওপর পশুর হাট। এ সময় তাঁর বোন কাতরাচ্ছিলেন। অনেক অনুরোধের পর গরু বিক্রেতারা অটোরিকশা যাওয়ার মতো পথ করে দিলে অনেক কস্টে হাসপাতালে পৌঁছান। তিনি বিরক্তির সুরে বলেন, হাসপাতালের সামনে পশুর হাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ অবস্থায় পথে আটকে যেকোনো সংকটজনক রোগীর মৃত্যুও হতে পারে।
দুপুরে স্ট্রোক করা আরেক রোগী জাহানারা বেগমকে (৬০) ওই হাপসাতালের ছয়তলায় ভর্তি করা হয়েছে। তাঁর বোন নাজমাতুন ইফফাত বলেন, উত্তরা থেকে অ্যাম্বুলেন্সে আগারগাঁও জাতীয় বেতার ভবনের সামনে পৌঁছাতে তাঁদের সময় লেগেছে মাত্র ২০ মিনিট। বেতার ভবনের সামনের সড়কের একাংশজুড়ে পশুর হাট বসায় দুই পাশেই যানজট লেগে যায়। সেই যানজট ঠেলে নিউরোসায়েন্সের রাস্তার মুখে পৌঁছান। কিন্তু পশুর হাটের কারণে দুর্ভোগে পড়েন। গরু বিক্রেতাদের অনুরোধ করার পর তারা অ্যাম্বুলেন্স ছাড়তে রাজি হলেও সেখান থেকে মাত্র ২০০ গজ দূরত্বের হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে ৩০ মিনিট। এ অবস্থায় তাঁর বোনের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন আলেয়া বেগমের মেয়ে ফারজানা আক্তার বলেন, মাকে নিয়ে বহু কষ্টে হাসপাতালে পৌঁছেন। হাসপাতালে ঢোকার সময় একটি গরুর আক্রমণ থেকে অল্পের জন্য তিনি বেঁচে যান। এখন হাসপাতালে ঢুকে তিনি অনেকটাই অবরুদ্ধ। মায়ের জন্য ওষুধ লাগলেও কিনতে বের হতে পারছেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালের সামনে গরুর হাট আগে কখনো দেখেননি।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মাওলানা জসীমউদ্দিনের স্বজনেরা দুশ্চিন্তায় আছেন। তাঁর শ্যালক সাইফুল আজম বলেন, ‘হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স আনবই কীভাবে আর বেরই হব কীভাবে?’
হাসপাতালের নিউরোসার্জন ডি এম আরমান বলেন, রিকশায় হাসপাতালে ঢুকতে গেলে গরু বিক্রেতারা তাঁর কাছে জানতে চান, রিকশা কেন। তখন তিনি পাল্টা প্রশ্ন করেন এখানে গরুর হাট কেন? জবাবে গরুর ব্যাপারীরা বলেন, গরুর হাটই তো থাকবে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘কোনো সভ্য দেশে হাসপাতাল অবরুদ্ধ করে গরুর হাট বসে এমনটা আমার জানা নেই।’
হাসপাতালের সহকারী অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী বলেন, পশুর হাটের কারণে রোগী হাসপাতালে আসতে না পেরে পথে মারা গেলে এর জন্য উত্তর সিটি করপোরেশন দায়ী থাকবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক বদরুল আলম প্রথম আলোকে বলেন, হাসপাতাল অবরুদ্ধ করে পশুর হাট বসানোয় রোগী আসতে পারছে না। দুপুরে সংকটাপন্ন এক রোগীর জরুরি অস্ত্রোপচারের দরকার হলেও পশুর হাটের কারণে কয়েকজন সেবিকা ও কর্মচারী হাসপাতালে ঢুকতে পারেননি। তাই তাৎক্ষণিক অস্ত্রোপচারও করা যায়নি। অবশেষে তারা বিকেলে পৌঁছানোর পর ওই অস্ত্রোপচার করা সম্ভব হয়।
যুগ্ম পরিচালক বলেন, স্বাভাবিক দিনে হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ৭০ জন রোগী চিকিৎসা নেয়। কিন্তু পশুর হাটের কারণে গতকাল জরুরি বিভাগে মাত্র ৮-১০ জন রোগী এসেছে।
সকালে মিরপুর ১৩ নম্বর সেকশন থেকে ভাঙা পায়ের চিকিৎসা করাতে পঙ্গু হাসপাতালে আসেন জামালউদ্দিন। তিনি বলেন, বাসার সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় তিনি স্বাচ্ছন্দ্যে আগারগাঁও ক্রসিংয়ে পৌঁছান। জাতীয় বেতার ভবনের সামনের সড়কের একাংশজুড়ে পশুর হাট বসায় তিনি যানজটে আটকে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে তিন মিনিটের রাস্তা পার হতে সময় লাগে ২০ মিনিট।
পল্লবীর বাসিন্দা রোকসানা বেগমের সঙ্গে কথা হয় এনআইওর সামনে। তিনি প্রথম আলোকে বলেন, আগারগাঁও ক্রসিং থেকে এনআইও হাসপাতালে আসতে তাঁর সময় লেগেছে ২৫ মিনিট। গরুর দিগ্বিদিক দৌড়াদৌড়িতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাঁকে বহনকারী অটোরিকশার সঙ্গে একটি ষাড়ের ধাক্কাও লাগে।
পশুর হাটের কারণে গত কয়েক বছরে রোগীদের ‘অবর্ণনীয় কষ্টের’ কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ৩ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দিয়ে হাসপাতালসংলগ্ন এলাকায় যেন পশুর হাট না বসে সে ব্যাপারে ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘পশুর হাটে অবরুদ্ধ হবে চার হাসপাতাল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল।
এর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দেন। এ নিয়ে ওই এলাকায় পাঁচটি বিশেষায়িত হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপতাল), যক্ষ্মা হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালকদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকও হয়। কিন্তু সমস্যা নিয়ে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
আগারগাঁও হাটের ইজারা পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ।