পশুর হাটে খুঁটি-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ গজ দূরত্বের রাস্তার দুই পাশে প্রায় ৪০০ বাঁশের খুঁটি বসানো হয়েছে। প্রতিদিন প্রতিটি খুঁটির ভাড়া ১০০ টাকা। পশু বিক্রি হোক বা না হোক, এই টাকা বিক্রেতাকে গুনতেই হবে। খুঁটির সঙ্গে পশু বাঁধলে ইজারা খরচ ছাড়াও অতিরিক্ত এই টাকা দিতে হচ্ছে বিক্রেতাদের।

এই চিত্র রংপুর শহরের বুড়িরহাটের। গত সোমবার সরেজমিনে বিষয়টির প্রমাণ পাওয়া যায়। খুঁটি নিয়ে এই বাণিজ্যে ক্ষুব্ধ সাধারণ বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, বুড়িরহাটে ঢোকার পথে রাস্তার দুই পাশে দুই থেকে আড়াই ফুট পরপর একটি করে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে। এই খুঁটিগুলো যাতে নড়বড়ে না হয়, সে জন্য কিছু অংশে খুঁটির ওপর দিয়ে টানা হয়েছে বাঁশ। সকাল পেরিয়ে দুপুর গড়াতেই পাল্টে যায় হাটের চিত্র। দুপুর ১২টার পর হাটে পশু নিয়ে আসতে শুরু করেন বিক্রেতারা। তাঁরা পছন্দমতো খুঁটিতেপশু বেঁধে রাখছেন। বিকেলের মধ্যে প্রতিটি খুঁটি পূর্ণ হয়ে যায়।

বিক্রেতাদের অভিযোগ, এলাকার কয়েক ব্যক্তি এই খুঁটি-বাণিজ্য করছেন। এর সঙ্গে ইজারাদারদের কোনো সম্পর্ক নেই বলে তাঁদের জানানো হয়েছে। কিন্তু বাস্তবে ইজারাদারেরা সবার কাছ থেকে হাসিল নিচ্ছেন। অথচ তাঁরা খুঁটির ব্যাপারে কিছু বলতে নারাজ। ফলে প্রতিটি পশুর হাসিল বাবদ ৫০০ টাকা দেওয়ার পরও খুঁটির জন্য বাড়তি ১০০ টাকা করে গুনতে হচ্ছে।

এ বিষয়ে হাটের ইজারাদার গংদের একজন ফরহাদ হোসেন দাবি করেন, হাটসংলগ্ন রাস্তা চলে যাওয়ায় বিষয়টি তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। এলাকার কিছু লোক ঈদের সময় এটি করে থাকেন।

খুঁটি-বাণিজ্যের সঙ্গে জড়িত স্থানীয় নওফেল আলী বলেন, ‘আমরা তো গরু বিক্রেতাদের উপকারই করে আসছি। গরু বেঁধে রাখার কোনো ব্যবস্থা না থাকলে গরু ছোটাছুটি করত। তখন গরু বিক্রি করাই কষ্টকর ব্যাপার হয়ে উঠত।’

জেলার গঙ্গাচড়া উপজেলার চেংমারী এলাকার আবদুল মাজেদ তিনটি গরু বিক্রি করতে নিয়ে এসেছেন এই হাটে। তাঁকে খুঁটির ভাড়া বাবদ অগ্রিম ৩০০ টাকা দিতে হয়েছে। কিন্তু এর জন্য কোনো রসিদ দেওয়া হয়নি বলে জানান তিনি।

একই উপজেলার গজঘণ্টা এলাকার গরু বিক্রেতা আবদুল মালেক বলেন, তাঁর বড় দুটি গরুর জন্য চারটি খুঁটির প্রয়োজন হয়েছে। এ জন্য তাঁকে দিতে হয়েছে ৪০০ টাকা।

রংপুর শহরের মেডিকেল পূর্বগেট এলাকার আবুল কালাম আজাদ বলেন, গরু বিক্রির পর এমনিতেই হাটের ইজারা বাবদ ৫০০ টাকা দিতে হয়। খুঁটির সেবা ইজারাদারের পক্ষ থেকেই পাওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

বিক্রেতাদের কাছ থেকে প্রতিটি পশু বাবদ হাসিল নেওয়া হলেও খুঁটির বিক্রির বিষয়টি কেন ইজারাদারেরা তত্ত্বাবধান করেন না, এমন প্রশ্নে অন্যতম ইজারাদার ফরহাদ হোসেন কোনো জবাব দেননি।