পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে ব্যবসায়ীরা গরু আনতে শুরু করেছেন। ছবিটি গতকাল বেলা দুইটায় তোলা l জুয়েল শীল
চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে ব্যবসায়ীরা গরু আনতে শুরু করেছেন। ছবিটি গতকাল বেলা দুইটায় তোলা l জুয়েল শীল

হাটের একপাশে বাঁশ আর ত্রিপল দিয়ে আচ্ছাদন তৈরি করা হয়েছে। এর নিচে গরু বাঁধার জন্য পোঁতা হয়েছে সারি সারি বাঁশের খুঁটি। কয়েকটি খুঁটিতে গরু বাঁধা রয়েছে। একপাশে মজুত করা হয়েছে পশুর খাদ্য—খড় ও ভুসি। হাটের চারদিকেই কর্মব্যস্ততা। এর মধ্যেই ট্রাকে করে কোরবানির জন্য গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। খড়ের গাদা বিছিয়ে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু।

গতকাল রোববার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে এই চিত্র দেখা যায়। নগরের দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাটের মধ্যে সবচেয়ে সাগরিকার এই পশুর হাট। শুধু সাগরিকা নয় অন্য হাটগুলোতেও কোরবানির ঈদ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসব হাটে গরু আসতে শুরু করলেও এখনো পরিমাণ কম।

হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গ থেকে কিছু দিনের মধ্যে ট্রাকে করে গরু নিয়ে আসতে শুরু করবেন ব্যাপারীরা। আগামী শুক্র ও শনিবারের মধ্যে হাটগুলো গরু-মহিষে ভর্তি হয়ে যাবে। পশু বিক্রির মূলপর্ব শুরু হবে ঈদের তিন-চার দিন আগে।

সাগরিকা পশুর হাটের ইজারাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন হাটে ত্রিপল টানানো, খুঁটি স্থাপন ও দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা ব্যাপারীদের জন্য শৌচাগার নির্মাণের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে এসব কাজ। সাগরিকায় পশুর হাটে এবার প্রায় তিন শ স্বেচ্ছাসেবক এবং নগর পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তিনি বলেন, তাঁদের হাটে ৩০ থেকে ৩৫ হাজার পশু উঠতে পারে।

কুষ্টিয়া থেকে ৩৬টি গরু নিয়ে গতকাল রোববার দুপুরে সাগরিকা হাটে আসেন ব্যাপারী মো. বাবুল হোসেন। প্রতিটির দাম ১ লাখ থেকে ৩ লাখ টাকা। তিনি প্রথম আলোকে বলেন, একে তো রাস্তাঘাট খারাপ, তার ওপর মহাসড়কে যানজট লেগেই আছে। এ কারণে এবার একটু আগেভাগে চলে এসেছেন। তবে ঈদের পশু বিক্রি এখনো শুরু হয়নি। ঈদের তিন-চার দিন আগে থেকে লোকজন গরু কিনতে শুরু করবেন।

নগরের আরেকটি স্থায়ী পশুর হাট বিবিরহাট। এর ইজারাদার মো. জামশেদ খান প্রথম আলোকে বলেন, মূল হাট ও পাশের মাঠে হাট বসানোর প্রস্তুতি চলছে। শৌচাগার নির্মাণ, বাতির ব্যবস্থাসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি শুক্রবারের মধ্যে শেষ হবে। নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশও থাকবে।

অস্থায়ী পশু হাটের মধ্যে সবচেয়ে বড় কর্ণফুলী পশুর হাট বসবে বাকলিয়ার নূর নগর হাউজিং সোসাইটিতে। এই হাটের ইজারাদার মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, হাটের ইতিমধ্যে দেড় হাজার গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। হাটে প্রায় ১৫ হাজার পশু উঠবে বলে তাঁর ধারণা।

নগরের অন্য পাঁচটি অস্থায়ী হাট হচ্ছে স্টিল মিল পশুর হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ, সল্টগোলা রেলক্রসিং বাজার, কমল মহাজন হাট ও পোস্তারপাড় স্কুল মাঠে ছাগল বাজার।