পশুর হাটে চাঁদাবাজির প্রতিবাদে মহাসচিবের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলী পশুর হাটে চাঁদাবাজি ও মাংস ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় বেশি দামে মাংস বিক্রি বন্ধ করতে না পারার ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন তিনি।

রবিউল আলম বলেন, ‘আগের মতোই গাবতলী পশুর হাটে ১০০ টাকা খাজনার জায়গায় ৫ থেকে ৬ হাজার টাকা নেওয়া হচ্ছে। এসব বিষয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ করায় গাবতলী পশুর হাটে মাংস ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।’

সংবাদ সম্মেলনে রবিউল আলম বলেন, পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করেছে সিটি করপোরেশন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে মাংস বিক্রি করছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে মাংস ব্যবসায়ীদের দাবি মেনে না নেওয়া হলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি বিলুপ্ত করে দেওয়া হবে। ২৬ রমজানের পর থেকে মাংস ব্যবসায়ীরা নিজেদের মতো করে মাংসের দাম নেবেন। আমাদের কোনো জবাবদিহি থাকবে না।’