পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ পশুহাটে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে পাটগ্রাম এনসিসি ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখা জাল টাকা শনাক্তকরণের দুটি বুথ স্থাপন করেছে। গতকাল রোববার এসব বুথ স্থাপন করা হয়েছে।
হাট-সংশ্লিষ্ট লোকজনের সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, রসুলগঞ্জ পশুহাটে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও রোববার হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এ হাটে পশু কেনা-বেচা করতে আসেন। প্রতি হাটবারে প্রায় কোটি টাকার পশু কেনা-বেচা হয়। সীমান্তবর্তী হাট হওয়ায় এখানে জাল টাকা লেনদেনের ঝুঁকিও বেশি থাকে। তাই বিক্রেতা ও ক্রেতা যাতে জাল টাকায় প্রতারিত না হন, সে জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশে হাটে জাল টাকা শনাক্তের বুথ বসানো হচ্ছে। এ জন্য এনসিসি ও ইসলামী ব্যাংক দুটি বুথ স্থাপন করেছে। কয়েক দিনের মধ্যেই সোনালী ও জনতা ব্যাংক ওই হাটে আরও দুটি বুথ স্থাপন করবে।
উপজেলার পানবাড়ি ও কুচলিবাড়ি গ্রাম থেকে রসুলগঞ্জ পশুহাটে গরু বিক্রি করতে আসা আবদুল কুদ্দুস বলেন, ‘জাল নোট দিয়া হামাক ঠোকাবের পাবে না এলা। খুব ভালো হচ্ছে বাহে এই মেশিন বসেয়া।’
ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক এ কে এম মোজাহারুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এ হাটে জাল টাকা লেনদেনের ঝুঁকি বেশি হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এখানে শনাক্তকরণ বুথ বসানো হয়েছে।