পশুর হাটে থাকবে চিকিৎসক দল
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর অস্থায়ী ১৮টি পশুর হাটে পশু চিকিৎসক দল থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় গরু মোটাতাজাকরণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন ব্যবহার না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় প্রথম আলোকেজানান, রাজধানীর ১৮টি অস্থায়ী পশুর হাটে যেসব পশু চিকিৎসক কাজ করবেন, তাঁদের নামও ঠিক করা হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা-উপজেলার বড় ও গুরুত্বপূর্ণ হাটগুলোতে অনুরূপভাবে পশু চিকিৎসক কাজ করবেন। তাঁদের মূল কাজ হবে অসুস্থ পশুর চিকিৎসা দেওয়া। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও তাঁরা দেখবেন।
গরু মোটাতাজাকরণে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন ব্যবহার আইনানুযায়ী নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। তাই গতকাল জারি করা সতর্কতা বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ ধরনের কাজ না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এর পরও কারও বিরুদ্ধে এ ধরনের কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।