পশুর হাটে ‘দ্বিমুখী’ খাজনা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে পশু কেনাবেচায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে খাজনাসহ অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। ফলে কোরবানির পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতারা অতিরিক্ত খাজনা দিতে বাধ্য হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১৭টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে পীরগাছা, চৌধুরানী, পাওটানা, অন্নদানগর ও দেউতি হাটে পশু বেচা-কেনা হয় বেশি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী একটি গরু বা মহিষের জন্য ১৫০ টাকা ও একটি ছাগলের জন্য ৫০ টাকা খাজনা আদায় করার কথা। কিন্তু স্থানীয় সূত্রগুলো বলছে, উপজেলার কোনো হাটেই এ নিয়ম মানা হচ্ছে না। ইজারাদারেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। তাঁরা একটি গরু বা মহিষের জন্য ক্রেতার কাছ থেকে ২০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে ১০০ টাকা এবং একটি ছাগলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৮০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৭০ টাকা হারে রসিদ ছাড়াই খাজনা আদায় করছেন। গত সোমবার চৌধুরানী হাটে গিয়ে দেখা গেছে, ইজারাদারের লোকজন একটি গরুর জন্য ক্রেতার কাছ থেকে ২০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা এবং একটি ছাগলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৮০ টাকা ও বিক্রেতার কাছ থেকে ৭০ টাকাসহ মোট ১৫০ টাকা করে খাজনা আদায় করছে। তবে খাজনা আদায়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা কাউকে রসিদ দেওয়া হচ্ছে না। শুধু পশু বিক্রির রসিদ দেওয়া হচ্ছে।সোমবার চৌধুরানী হাটে গরু কিনতে আসা উপজেলার পাঠক শিকর গ্রামের আবুল হোসেন বলেন, ‘৩৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। এর জন্য ২০০ টাকা খাজনা দিতে হলো।’ গরুর বিক্রেতা শামছুল হক বলেন, ‘আমাকেও এ জন্য ১০০ টাকা খাজনা দিতে হয়েছে।’ ওবায়দুল হক বলেন, ‘চার হাজার টাকা দিয়ে একটি খাসি কিনেছি। এ জন্য ৮০ টাকা খাজনা দিতে হলো।’ খাসির বিক্রেতা আশরাফ আলী বলেন, ‘আমাকেও ৭০ টাকা খাজনা দিতে হয়েছে।’ গরুর ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে এভাবে খাজনা আদায় করা ঠিক নয়। এ অবস্থা শুধু চৌধুরানী হাটেই নয়, উপজেলার সব পশুর হাটে একই অবস্থা বিরাজ করছে। চৌধুরানী হাটের পরিচালক (ইজারাদার) শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। হাট তদারকির দায়িত্বে নিয়োজিত তাঁর প্রতিনিধি সাকিব মিয়া অতিরিক্ত খাজনা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে সব হাটেই খাজনা বেশি নেওয়া হচ্ছে। তাই আমরাও নিচ্ছি।’ ইউএনও এ কে এম সারোয়ার জাহান বলেন, ‘কোরবানির পশুর হাটে পশু কেনা-বেচায় অতিরিক্ত টোল নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো হাটের ইজারাদার অতিরিক্ত টোল বা খাজনা আদায় করেন, তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’