পশুর হাটের নিরাপত্তায় থাকবে ৬০০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুর হাট ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। গোটা জেলায় পুলিশের প্রায় ৬০০ সদস্য নিরাপত্তা জোরদারে কাজ করবেন। এ ছাড়া গ্রামপুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরাও নিরাপত্তার কাজে সহায়তা করবেন। পাশাপাশি র্যা বও মোতায়েন থাকবে।
গাইবান্ধা জেলা পুলিশ সূত্র জানায়, এ বছর জেলার ৭টি উপজেলায় ৩১টি হাটে পশু বেচা–কেনা হবে। এর মধ্যে স্থায়ী হাট ১৮টি ও ঈদের জন্য আরও ১৩টি অস্থায়ী হাট বসানো হয়েছে। ইতিমধ্যে স্থায়ী হাটে পশু বেচা–কেনা শুরু হয়েছে। অস্থায়ী হাটে কাল শুক্রবার বেচা–কেনা শুরু হবে। এসব পশুর হাটে কেনাকাটা ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। প্রতিটি হাটে একজন এসআই নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশের দল থাকবে। তারা হাট চলাকালীন নিরাপত্তা দেবে। এ ছাড়া জালনোট পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিটি হাটে একটি করে যন্ত্র থাকবে।
সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, পশুর হাটে মলম পার্টি, অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এ ছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। শুধু তা-ই নয়, ঈদের দিন অবৈধ যানবাহন আটক করা হবে।
সূত্র আরও জানায়, পশুর হাটে যাতায়াতের সড়কেও পৃথক পুলিশের দল কাজ করবে। জেলা শহরে প্রবেশের জন্য চারদিকে সাতটি সড়ক রয়েছে। এ সড়কগুলোর সাতটি স্থানে ঈদের আগে ছিনতাই হয়ে থাকে। স্থানগুলো হচ্ছে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের জামেরতল, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের খোলাহাটির তুরকা, গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের বারুইপাড়া, গাইবান্ধা-বালাসি সড়কের ফলিয়া সেতু, গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালী বেইলি সেতু ও গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া। এবার এসব স্থানে মোতায়েন থাকবে পুলিশের সাতটি দল। তাঁরা রাত আটটা থেকে ভোর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জেলা শহরে যানজট নিরসনে কমিউনিটি পুলিশিংয়ের ৫০ জন সদস্য কাজ করবেন। নিরাপত্তার কাজ তদারকি করবেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবদুস সালাম বলেন, সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ীসহ গোটা জেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের শতাধিক সদস্য পৃথক পোশাকে নিরাপত্তার কাজে সহায়তা করবেন।
পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পশুর হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় জেলায় প্রায় ৬০০ পুলিশ কাজ করবে। এ ছাড়া র্যা ব, গ্রামপুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। ঈদের আগে ও পরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে পশু কেনাকাটা করতে পারে।