পশুর হাটের পথে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাটে গরু নিয়ে যাওয়ার সময় পথে পথে চাঁদাবাজি করা হচ্ছে। স্থানীয় তরুণেরা বিভিন্ন অনুষ্ঠান নামে গরুবাহী টমটম ও ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজি বন্ধের জন্য ব্যবসায়ীরা পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি, বড়াইবাড়ি, নগরের বুড়িরহাট ও লালবাগ হাটে গরু নিয়ে যাওয়ার সময় তরুণেরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে গরু হাটে নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে ঝামেলা এড়াতে অনেকেই চাঁদা দিচ্ছেন। গত বৃহস্পতি ও বুধবার সরেজমিনে দেখা গেছে, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ও বুড়িরহাটে যাওয়ার সময় পাগলা পীর থেকে বেতগাড়ি সড়কের একাধিক স্থানে গরুবাহী ট্রাক ও শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। গরুপ্রতি ১০০-১৫০ টাকা নেওয়া হচ্ছে। আবার কখনো কখানো এর বেশিও দাবি করা হচ্ছে। এ ছাড়া একই উপজেলার বড়বিল হাট থেকে বড়াইবাড়ি যাওয়ার পথেও চাঁদা আদায় করা হচ্ছে।
বেতগাড়ি হাটের গরু ব্যবসায়ী একাব্বর মিয়া বলেন, প্রতিবছরই চাঁদা দিতে হয়। তবে এ বছর একাধিক স্থানে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা দেওয়া না হলে গরু নিয়ে যেতে বাধা দেওয়া হয়। রংপুর নগরের বুড়িরহাট ও লালবাগ হাটেও গরু বিক্রেতাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। গত বৃহস্পতিবার ভটভটি থামিয়ে চাঁদা তুলছেন এমন কয়েকজন তরুণ নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদের পরে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই টাকা নেওয়া হচ্ছে। তবে জোর করে কারও কাছ থেকে টাকা নেওয়া হয় না।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার কোনো অভিযোগ শোনা যায়নি। প্রতিটি গরুর হাটের পরিবেশ ভালো রয়েছে। তবে সড়কগুলোতে গরু ব্যবসায়ীদের ভোগান্তি যাতে না হয় সে জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে রংপুরের লালবাগ, বেতগাড়ি ও বুড়িরহাটে গরু বেচাকেনা জমে উঠেছে। এসব হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। গত বছরের চেয়ে এবার গরু আমদানি বেশি। সে অনুযায়ী ক্রেতা কম। তবে দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে।