পশুর হাটের লাভের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদী বাজারে গতকাল বুধবার কোরবানির পশুর হাটের লাভের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত নারী ও পুরুষ আহত হয়েছে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী উপজেলার আলদী বাজার কোরবানির পশুর হাটের ইজারা নেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এ কাজে তাঁর সঙ্গে যুক্ত হন আলদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ। ঈদ শেষে হাটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে নূর মোহাম্মদ ও সামছুদ্দিনের মধ্যে বিরোধ দেখা দেয়। গতকাল সকাল নয়টার দিকে আলদী বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালে গোটা আলদী বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, সংঘর্ষ সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতের মতো আহত হয়েছে।সংঘর্ষে গুলিবিদ্ধ ইদ্রিস সৈয়াল, সেলিম বেপারী, আবু সিদ্দিক, আরিফ, খালেক সৈয়াল, খালেক বেপারী, রুমন, মজিবুর মেম্বার, ফারুক মুন্সী, হাসিনা বেগম, মোশারফ বেপারী, মাসুম হালদার, ইলিয়াস মোল্লা, শাকিল, মনির, সম্রাট ও ইউসুফকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।এ প্রসঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও চেয়ারম্যান নূর মোহাম্মদ ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদুর রহমান প্রথম আলোকে বলেন, পশুর হাটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বর্তমান চেয়ারম্যান ও আলদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত। কোনো পক্ষ মামলা করেনি।