পশুর হাটের ‘ভাষা’
সিংহী হাজার, দিক শ, তিন বান্ডিল, বছর, কালাই, মিডি শ, মিডি হাজার—এ রকম নানা সাংকেতিক ভাষা ব্যবহার করা হয় কোরবানির পশুর হাটে। রংপুরের বদরগঞ্জের গরু-ছাগল বিক্রির জন্য হাটে আসা দালাল বা মধ্যস্থতাকারীরা এ ভাষা ব্যবহার করছেন। এ ভাষা শুধু তাঁরাই বোঝেন।বদরগঞ্জের কয়েকজন দালাল জানান, তাঁরা পশুর দাম করার সময় সাধারণত নিজস্ব সাংকেতিক ভাষা ব্যবহার করেন। এ ক্ষেত্রে ক্রেতার পক্ষে একজন ও বিক্রেতার পক্ষে আরেকজন দালাল দাম নিয়ে দর-কষাকষি করেন। দাম চূড়ান্ত হলে ক্রেতার পক্ষের দালাল বিক্রেতার পক্ষের দালালকে টাকা দিয়ে দেন। সাংকেতিক ভাষা ব্যবহার করায় একটি পশু কত টাকায় বিক্রি হলো, তা ক্রেতা ও বিক্রেতা জানতে পারেন না। ওই দুই দালালই পশুর একটি দাম নির্ধারণ করে বিক্রেতাকে সে অনুযায়ী টাকা দিয়ে দেন। ওই টাকা দেওয়ার পর বাকিটা তাঁরা ভাগ করে নেন।দালালেরা আরও জানান, তাঁরা নানা সাংকেতিক ভাষা ব্যবহার করে পশুর দাম নির্ধারণ করেন। যেমন—সিংহী হাজার দিয়ে তাঁরা একটি পশুর দাম তিন হাজার, দিক শ এক হাজার, তিন বান্ডিল ৩০ হাজার, বছর এক হাজার ২০০, কালাই হাজার ১১ হাজার, মিডি শ এক হাজার ৩০০ ও মিডি হাজার দিয়ে ১৩ হাজার টাকা বোঝান।দালালেরা জানান, এ পেশায় পুঁজির দরকার হয় না। সকালে উঠে একটা গরু তাড়ানোর লাঠি ও একটি ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন একজন দালাল। পশুর হাটবাজারে গিয়ে শুরু করে দেন মধ্যস্থতাকারীর কাজ। এতে যা আয় হয়, তা দিয়ে জীবিকা নির্বাহ করেন।বদরগঞ্জ উপজেলার কালীর ডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান (৬০) ২৫ বছর বয়স থেকে এ পেশায় আছেন। তিনি জানান, ২৫ বছর বয়সে তিনি দুটি মহিষ কেনেন। চাচাতো ভাই আবদুস সাত্তার মধ্যস্থতা করে এগুলো তিন হাজার ৬০০ টাকায় কেনার কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। কিন্তু পরে প্রকৃত মালিকেরা মহিষ দুটি দুই হাজার ৮০০ টাকায় কেনা হয়েছে বলে তাঁকে জানান। ওই ঘটনার পর জেদ করে তিনি দালালি পেশায় জড়িয়ে পড়েন। তিনি সাংকেতিক ভাষা বদরগঞ্জ উপজেলার গড়ডাঙ্গিপাড়া গ্রামের আফছার আলীর কাছ থেকে শিখেছেন।সরদারপাড়া গ্রামের দালাল আহাদ আলী, বানুয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ও ওসমানপুর গ্রামের জাহিদুল ইসলাম জানান, রংপুর জেলায় কমপক্ষে আট হাজার মানুষ দালালি পেশায় জড়িত আছেন। পুঁজি ও পরিশ্রম ছাড়াই এ পেশায় রোজগার ভালো।