পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক
পশুসম্পদ অধিদপ্তরের ঢাকার ফার্মগেট কার্যালয়ের সহকারী ভান্ডার কর্মকর্তা মো. আফসার আলী মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান শুক্রবার ঢাকার তেজগাঁও থানায় মামলাটি করেন।দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ জানান, মো. আফসার আলী মল্লিক ১৯৮২ সালে পশুসম্পদ অধিদপ্তরে ভান্ডার রক্ষক হিসেবে যোগ দেন। পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি ঢাকার ফার্মগেটে পশুসম্পদ অধিদপ্তরে সহকারী ভান্ডার কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ২০০৯ সালের ৫ মে তাঁর সম্পদের হিসাব চেয়ে তাঁকে নোটিশ করা হয়। ওই মাসের ২৭ তারিখে তিনি ৭৩ লাখ ১৮ হাজার টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু ওই হিসাব তাঁর আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।