পশুসম্পদ ক্যাডারের নির্বাচনে ডিজির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পশুসম্পদ ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচনে পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেছে একটি প্যানেল। তারা অভিযোগ করেছে, ডিজি তাঁর পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার জন্য কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত একটি অভিযোগও দেওয়া হয়েছে।কাল শনিবার দেশের ছয়টি কেন্দ্রে একযোগে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। প্যানেলগুলো হলো, শহীদুল ইসলাম-সরদার আবুল বাসার পরিষদ, মোহসিন আলী-মোতাহার হোসেন পরিষদ এবং গোলাম কাদের-রেজাউল করিম পরিষদ। নির্বাচনে মোট ভোটার এক হাজার ১৭১।শহীদুল-বাসার পরিষদ ৬ জানুয়ারি নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাজী ফজলুর রহমানকে দেওয়া লিখিত অভিযোগে জানিয়েছে, নির্বাচনে মহাপরিচালকের নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও হাবিবুর রহমান তা না করে মহসিন-মোতাহার পরিষদের পক্ষে প্রকাশ্যে ভোট চাইছেন। তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বলছেন, এই প্যানেলকে ভোট না দিলে খারাপ জায়গায় বদলি করে দেওয়া হবে।তবে হাবিবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর বিরুদ্ধে এগুলো মিথ্যা প্রচারণা। কেউ ঈর্ষান্বিত হয়ে এসব বলছে।নির্বাচন কমিশনের চেয়ারম্যান কাজী ফজলুর রহমান বলেন, ‘দীর্ঘ আট বছর পর এ নির্বাচন হচ্ছে। আমরা চাই সুন্দরভাবে নির্বাচন হোক। একটি পক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। আমি আমার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাব।’