পশ্চাদপসরণকে 'কৌশল' বলছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল মাহমুদ
ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ অথবা কাল সবাইকে আইনের আওতায় আসতে হবে। দুদকের কার্যক্রমে আপাত পশ্চাদপসরণকে কৌশল বলে উল্লেখ করেন দুদক চেয়ারম্যান।

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিসের প্রতিনিধি সার্জে ক্যাপিনোজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে—এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে ইকবাল মাহমুদ বলেন, যুদ্ধে পশ্চাদপসরণ করা যেমন যুদ্ধক্ষেত্রের কৌশল, কখনো কখনো দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের গতিবিধি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কমিশনকেও কখনো কখনো কৌশলগত কারণেই পশ্চাদপসরণ করতে হয়। এটি কৌশলমাত্র। আর কিছুই নয়।

দুদক চেয়ারম্যান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিমূলক আমলাতন্ত্র, মানসম্পন্ন শিক্ষা এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সার্জে ক্যাপিনোজ বলেন, দুর্নীতি পৃথিবীর সর্বত্রই রয়েছে, পার্থক্য রয়েছে এর তীব্রতা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল এ সময় উপস্থিত ছিলেন ।