পশ্চিম জুরাইনে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

পশ্চিম জুরাইনের খন্দকার রোডের প্রায় মাঝে আটটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি রয়েছে। কিন্তু তা সরানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর আগে খন্দকার রোডটি সংস্কার ও প্রশস্ত করা হয়। এতে অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে পড়ে যায়। এখন এসব খুঁটি ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। খন্দকার রোডটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, পশ্চিম জুরাইনের গেন্ডারিয়া নতুন সড়ক থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক পর্যন্ত খন্দকার রোডের মাঝে রয়েছে আটটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটির দুই পাশ দিয়ে রিকশা, সিএনজি ও পিকআপ চলাচল করছে। এর মধ্যে এই রোডের কেয়ারি নগর এলাকায় দুটি খুঁটিতে ফাটল দেখা গেছে। খুঁটির কয়েকটি স্থানে গাড়ির ধাক্কার চিহ্ন রয়েছে। একইভাবে ঢাকা-মাওয়া মহাসড়ক ও গেন্ডারিয়া নতুন সড়কের প্রায় মাঝে আরও পাঁচ থেকে ছয়টি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি দেখা গেছে।
খন্দকার রোডের বাসিন্দা জালাল উদ্দিন বলেন, খন্দকার রোডে সিএনজি বা পিকআপ চলাচলের সময় অনেক ভয় হয়। অসচেতনভাবে এসব খুঁটিতে যানবাহনের ধাক্কা লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয় লোকজন বলেন, আগে খন্দকার রোডটি অনেক সরু ছিল। একসঙ্গে দুটি রিকশাই ঠিকমতো চলাচল করতে পারত না। ২০১৪ সালে এই রোডের দুপাশের বাড়ির মালিকেরা মিলে এই সড়ক প্রশস্ত করেন। বৈদ্যুতিক খুঁটিগুলো সরাতে ডিপিডিসিতে আবেদন করেন। কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি।
জানতে চাইলে ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ প্রথম আলোকে বলেন, সম্প্রতি তাঁর ওয়ার্ডের অন্যান্য এলাকায় কিছু বৈদ্যুতিক সমস্যার সমাধান হয়েছে। শিগগিরই ডিপিডিসির সঙ্গে কথা বলে খন্দকার রোডের সমস্যা সমাধান করা হবে।