পশ্চিম ধানমন্ডিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

বৃষ্টি হলেই জলাবদ্ধতার সমস্যায় ভুগতে হয় পশ্চিম ধানমন্ডির কয়েকটি সড়কের বাসিন্দাদের। আর মূল ধানমন্ডির প্রধান সমস্যা—একাধিক সড়কে ময়লা-আবর্জনার কনটেইনার, সঙ্গে যানজট।

গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ড ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় এসব সমস্যার কথা। ধানমন্ডি ২ নম্বর রোড থেকে লেকের ধার ধরে ১২/এ রোড, সাতমসজিদ রোডের একাংশ, পূর্ব রায়েরবাজার, শেরেবাংলা রোড ও হাতেমবাগ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।
পশ্চিম ধানমন্ডির বাসিন্দা নাজমুল হুদা বলেন, সামান্য বৃষ্টিতে ঈদগা রোড, মিতালি রোড, হাজি আফসারউদ্দিন রোড, স্টাফ কোয়ার্টার এলাকা ও জিগাতলা নতুন রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক থেকে পানি সরতে অনেক সময় লেগে যায়। এতে বাসিন্দাদের বেশ দুর্ভোগে পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, ময়লার কনটেইনার রেখে ধানমন্ডির ১২/এ সড়কের উত্তর অংশ প্রায় বন্ধ করে রাখা হয়েছে। সংস্কারের জন্য এ সড়কটিতে এখন যান চলাচলও বন্ধ আছে। লেকের পাড়ের সুন্দর এই রাস্তা ধরে মানুষজন হেঁটে চলাচল করতে পারছে না ময়লার দুর্গন্ধের কারণে। সাতমসজিদ রোডের একটি অংশে রাখা আবর্জনার কনটেইনারে দিনের বিভিন্ন সময় ময়লা বাছাই, ঘাঁটাঘাঁটি করতে দেখা যায় কিছু লোককে। তখন নাক চেপে চলতে হয় পথচারীদের।
আবার সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সের পাশের রাস্তা আর ফুটপাতজুড়ে দীর্ঘিদন ধরে আবর্জনা ও ইটের খোয়া ফেলে রাখা আছে। এই দুর্গন্ধ আর ধুলা মাড়িয়ে এ পথ পার করতে হয় বাসিন্দাদের। স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থী সবচেয়ে বেশি ভোগে এখানে।
এ ছাড়া যানজটের সমস্যায়ও ভুগছে ধানমন্ডির বাসিন্দারা। ধানমন্ডির ১২/এ-এর বাসিন্দা মাসুদুর রহমান বলেন, স্কুল চলার সময় ধানমন্ডিতে ব্যক্তিগত গাড়ির জট লাগে। এতে সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এই যানজট থাকে।
এই ওয়ার্ডে তিন লক্ষাধিক লোকের বসবাস। অথচ ওয়ার্ডে কোনো সরকারি কমিউনিটি সেন্টার ও অনুমোদিত কাঁচাবাজার নেই।