পশ্চিম নাখাল পাড়ায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
পশ্চিম নাখাল পাড়ায় কয়েকটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তানহারুল ইসলাম। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে পশ্চিম নাখাল পাড়ার ১৫৪/১৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়িটি নিচতলা ইটের। কিন্তু ওপরের অংশ টিন ও কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ওই বাড়িতে ১৮-২০টি কক্ষ আছে। সেগুলোতে অন্তত ১০০ জন মানুষ বসবাস করে।
আগুন লাগা ওই বাড়ির এক বাসিন্দা ইদ্রিস আলী বলেন, রাত ১১টার দিকে তিনি বাড়িতে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাসা থেকে ছুটে বের হয়ে যান। বের হওয়ার সময় কিছুই নিয়ে আসতে পারেননি। তাঁর ঘরের সবকিছু পুড়ে গেছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস জানায়, রেল গেটের দেড় শ থেকে দু শ গজ দক্ষিণে দ্বিতল টিনশেড বাড়িতে আগুন লাগে। যেখানে আগুন লেগেছিল, সেখানে গাড়িতে করে পানি নেওয়ার কোনো রাস্তা না থাকায় অনেক দূর থেকে পাইপে করে পানি নিতে হয়। ওই বাড়ির পশ্চিম পাশে একটি ৫তলা ভবন এবং বাকি তিন পাশের কয়েকটি দ্বিতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার চার-পাঁচ শ মানুষকে রেল লাইন এবং বাড়ির আশপাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: