পশ্চিম নাখালপাড়ায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি দ্বিতল আবাসিক বাড়ি আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়িটিতে আগুন লাগে। আগুনে বাড়ির চারপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নাখালপাড়া রেলগেট থেকে রেলপথ ধরে ১০০-১৫০ গজ দক্ষিণে হাতের ডান দিকের বাড়িটিতে আগুন লাগে। বাড়িটির নিচতলা ইটের, দ্বিতীয় তলা টিন ও কাঠ দিয়ে তৈরি। বাড়ির বাসিন্দা ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, দ্বিতীয় তলার দক্ষিণ-পূর্ব কোণের কক্ষটি থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘খাওয়াদাওয়া করে মাত্র শুইছি। তারপর দেখি আগুন। কোনোমতে বউ-বাচ্চা নিয়া বের হইছি। কোনো জিনিসপত্র বের করতে পারি নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।’ ইদ্রিস জানান, বাড়িটিতে ১৮ থেকে ২০টি কক্ষ আছে। এসব কক্ষে অন্তত ১০০ মানুষের বাস। আগুনে পুরো বাড়িটিই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করেছে। রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।