পশ্চিম রেলের ৩২ কোটি টাকার কাজের সমঝোতা
রাজশাহীতে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের ৩২ কোটি টাকার কাজের সমঝোতা হয়েছে। সমঝোতা হওয়ার কারণে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও তিন গ্রুপের কাজে মাত্র আটটি প্রতিষ্ঠান দরপত্র ফেলেছে।
ঠিকাদারদের অভিযোগ, স্থানীয় সরকারদলীয় নেতাদের হস্তক্ষেপে এই সমঝোতা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটের মানোন্নয়ন, পুনর্বাসন ও নির্মাণকাজের জন্য গত মাসে দরপত্র আহ্বান করা হয়। প্রথম গ্রুপের কাজটি পাকশী ডিভিশন-২-এর, যার প্রাক্কলিত ব্যয় প্রায় ১১ কোটি ২৪ লাখ টাকা, দ্বিতীয় গ্রুপের কাজটি পাকশী ডিভিশন-১-এর, যার প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি ৮৯ লাখ টাকা। তৃতীয় গ্রুপের কাজটি হচ্ছে লালমনিরহাট ডিভিশনের, এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা।
তিন গ্রুপের কাজে রাজশাহীতে ৬৯টি এবং ঢাকা ও পাকশীতে ১২টি দরপত্র জমা পড়ে। গত বুধবার ঢাকার ইনফিনিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল প্রথম দরপত্রটি ফেলা হয়। তখন থেকে সরকারদলীয় নেতারা প্রথমত প্রতিষ্ঠানটির দরপত্রটি প্রত্যাহার করে নেওয়ার জন্য চেষ্টা করেন।
ঠিকাদারদের একটি সূত্র জানায়, পরে নগরের একটি হোটেলে ওই ঠিকাদারের সঙ্গে নেতারা বসেন। সেখান থেকে তাঁকে নিয়ে একজন নেতার বাসায় বসে সমঝোতাটি হয়। সূত্রমতে, তিনজন নেতা তিনটি কাজ নিয়ে ঢাকা, খুলনা এবং রাজশাহীর তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সমঝোতার ভিত্তিতে দিয়ে দেন। ঠিকাদারেরা বলছেন, প্রায় তিন কোটি টাকার বিনিময়ে এই সমঝোতা হয়েছে। রাতে এই সমঝোতা হওয়ার ফলে প্রথম গ্রুপের কাজে মাত্র তিনটি, দ্বিতীয় গ্রুপের মাত্র দুটি এবং তৃতীয় গ্রুপে মাত্র তিনটি দরপত্র জমা পড়ে। প্রথম এবং তৃতীয়টিতে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৫ শতাংশ বেশি এবং দ্বিতীয়টিতে ৩ শতাংশ কম দর দেওয়া হয়েছে। ঠিকাদারেরা বলছেন, সুষ্ঠু প্রতিযোগিতা হলে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৩০ থেকে ৩৫ ভাগ কমে দর পড়ত। তাহলে সরকারের ১০ কোটি টাকার বেশি সাশ্রয় হতো।
সমঝোতার চেষ্টা চলছে—বিষয়টি জানতে চাইলে রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহাবুবুল হক বকশি গত বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিবেকহীন নই।’ গতকাল সন্ধ্যায় আবার তাঁর সঙ্গে কথা হয়। এত কমসংখ্যক দরপত্র জমা পড়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অনেকেই হয়তো দরপত্র তুলেছিলেন কিন্তু এত টাকার নিরাপত্তা জামানত দিয়ে সবার দরপত্র জমা দেওয়ার সামর্থ্য নেই। এ ছাড়া সব ঠিকাদারের এত টাকার কাজের অভিজ্ঞতাও নেই।