পশ্চিম শেওড়াপাড়া ও মধ্য পীরেরবাগ সংযোগ সড়ক দুর্ভোগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। গত বছর রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল। কিন্তু ছয় মাস আগে তা বন্ধ হয়ে যাওয়ায় অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা সড়কটি জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। এ জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় লোকজন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাটির বেশির ভাগ অংশেরই অবস্থা চলাচলের অনুপযুক্ত হয়ে আছে। ফুলকি নার্সারি স্কুল ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনের রাস্তার অবস্থা বেশি খারাপ। এই সড়কের সঙ্গে যুক্ত আশপাশের সংযোগ সড়কগুলো ঘুরেও একই রকম অবস্থা দেখা যায়।
রাজধানীর বেগম রোকেরা সরণির রূপালী ব্যাংক শাখার পাশ দিয়ে শুরু পশ্চিম শেওড়াপাড়ার সড়ক। পশ্চিম শেওড়াপাড়া থেকে মধ্য পীরেরবাগ পর্যন্ত সংযোগ স্থাপন করেছে সড়কটি। বিকল্প পথ না থাকায় এলাকার লোকজনকে বাধ্য হয়েই এ সড়ক দিয়েই চলাচল করতে হয়। গত ছয় মাস ধরে সংস্কারকাজ না হওয়ায় চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী বলেন, প্রায় ছয় মাস আগে এই রাস্তায় মাটি ফেলে সংস্কারকাজ শুরু করা হয়েছিল। তারপর হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো কাজ না হওয়ায় পুরো রাস্তা ভেঙেচুরে গেছে।