পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের কাছে জেলেরা জিম্মি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু দলগুলোর অপতৎপরতা বেড়ে গেছে। তাদের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার প্রায় ২০ হাজার জেলে। ছোট-বড় ১০ থেকে ১২টি দল পশ্চিম সুন্দরবন এলাকা নিয়ন্ত্রণ করছে বলে সাধারণ জেলেরা জানিয়েছেন। বনদস্যুদের চাঁদা না দিয়ে জেলেরা সুন্দরবনে ঢুকতেই পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, বন বিভাগ থেকে পাস নিয়ে বনে বা সাগরে গেলেও নদীতে নামার পর একাধিক জলদস্যু বাহিনীর সদস্যদের চাঁদা দিতে হচ্ছে। চাঁদা নিয়ে জলদস্যুরা তাঁদের বিশেষ চিহ্ন বা সইযুক্ত টোকেন হাতে ধরিয়ে দিচ্ছে। সেই টোকেন দেখাতে না পারলে দস্যুদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ক্ষেত্রবিশেষে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। জেলেরা আরও জানান, প্রায় প্রতিদিন সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহূত হচ্ছেন কোনো না কোনো জেলে। মুক্তিপণ না দিলে জিমিঞ্চদশা থেকে মুক্তি মিলছে না। দক্ষিণ কদমতলা গ্রামের এলাই বকসের ছেলে ইস্রাফিল হোসেনসহ তাঁর সহযোগী পাঁচ জেলেকে গত ৩০ আগস্ট সুন্দরবনের কাছিকাটা থেকে বনদস্যু আমজাদ বাহিনীর সদস্যরা অপহরণ করে। মুক্তিপণের টাকা পরিশোধ না করায় গত মঙ্গলবার পর্যন্ত তাঁদের মুক্তি দেওয়া হয়নি।এমনই আরেকটি কাহিনির বর্ণনা দিতে গিয়ে জেলেরা জানান, বনদস্যু দল মাস্টার বাহিনীর সদস্যদের হাতে অপহূত এক জেলে ১০ হাজার টাকা দিয়ে গত ১২ আগস্ট বাড়ি ফেরেন। কিন্তু মুক্তিপণ দিয়ে তাঁর ফিরে আসার ঘটনা পত্রপত্রিকায় প্রকাশের অভিযোগে গত ১৯ আগস্ট আবারও তাঁকে অপহরণ করে ১৩ হাজার টাকা আদায় করা হয়। এ সময় বনদস্যু দলের সদস্যরা তাঁর ওপর নির্মম নির্যাতন চালায়। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মালেক সরদার বলেন, ‘যতবার বনে যাচ্ছি, ততবারই চাঁদা দিতি হতেছে। তাগো (বনদস্যুদের) সই দিয়া কাগজ দেখালি আর কিছু বলতেছে না। তবে কাগজ না দেখাতি পারলি নৌকা থেকে তুলে নে ১০-১২ হাজার করে টিকা আদায় করছে।’ অপহূত হয়ে মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেরা জানান, পশ্চিম সুন্দরবনে মান্না-মজিদ, বড় ভাই ও জয়নাল বাহিনীর বিলুপ্তির পর রাজু ওরফে রাজা, আমজাদ, শহিদুল, মজিদভাঙি-ইউনুস বাহিনীর নামের পাঁচ-ছয়টি বাহিনী সক্রিয় ছিল। সম্প্রতি মাস্টার, আলিম-জাকির বাহিনীসহ আরও পাঁচ-ছয়টি দল নুতন করে দস্যুতা শুরু করেছে।শ্যামনগর ভেটখালী গ্রামের শহিদুল ইসলাম জানান, অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ে বনদস্যুদের সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার অভিযোগে তাঁর দাদাকে বনদস্যুরা ফের অপহরণ করে ব্যাপক নির্যাতন চালায়। মারাত্মক অসুস্থ অবস্থায় ছাড়া পেয়ে বাড়ি ফেরার চার-পাঁচ দিনের মধ্যে তাঁর মৃত্যু হয়। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা প্রসঙ্গে সাতক্ষীরার রেঞ্চ কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, জনবলসংকট থাকা সত্ত্বেও বন বিভাগ সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে জেলেদের নিরাপত্তা দেওয়ার। অধিকাংশ ক্ষেত্রে জেলেরাই গোপনে বিষয়টি মিটমাট করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর জানান, জেলেরা ভয়ে বনদস্যুদের কোনো তথ্য পুলিশকে জানান না। এ কারণে অধিকাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ইতিমধ্যে সুন্দরবন এলাকায় চারটি পুলিশ ফাঁড়ি স্থাপন ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।