পশ্চিম সুন্দরবনে রাজস্ব বেড়েছে, কমেছে পুবে
পশ্চিম সুন্দরবনে গত অর্থবছরে রাজস্ব বেড়েছে। তবে কমেছে পূর্ব সুন্দরবনে। গত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় পুরো সুন্দরবনে সরকারের আয় কমেছে ৬ শতাংশের বেশি। বন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সুন্দরবনকে পশ্চিম ও পূর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। ওই দুই অংশের রাজস্ব আহরণসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে সুন্দরবন থেকে সরকারের মোট রাজস্ব আসে ৬ কোটি ৮১ লাখ ২৫ হাজার ২৩৭ টাকা। আর ২০১৫-১৬ অর্থবছরে আয় হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৩৫২ টাকা। মোট আয় কমেছে ৪২ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা।
পূর্ব সুন্দরবনে ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আসে ৪ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৭৪০ টাকা। গত অর্থবছরে তা ছিল ৩ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
পশ্চিম সুন্দরবনে ২০১৪-১৫ অর্থবছরে ২ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৪৯৭ টাকা। গত অর্থবছর তা ছিল ২ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৪৫২ টাকা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত সুন্দরবনের বিভিন্ন গাছ, জ্বালানি কাঠ, গোলপাতা, মাছ, মধু, মোম, ঝিনুক, কাঁকড়া, হেঁতাল ও পর্যটন খাত থেকে রাজস্ব পায় বন বিভাগ। এর মধ্যে ২০১০-১১ অর্থবছর থেকে ঝিনুক আহরণ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া ঘূর্ণিঝড় সিডরের পর থেকে কয়েকটি খাত আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কারণে এসব খাত থেকে রাজস্ব কমছে। তবে কাঁকড়া ও পর্যটন থেকে রাজস্ব বেড়েছে।
গত বছরের মার্চ ও এপ্রিলে পূর্ব সুন্দরবনে কয়েক দফা আগুন লাগে। মাছ শিকারিরা অধিক মাছ ধরার আশায় এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে। এ কারণে পূর্ব সুন্দরবন তিন মাস সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণে এপ্রিল থেকে জুন পর্যন্ত পূর্ব বন বিভাগের পুরোটাই বন্ধ করে রাখা হয়। এ কারণে রাজস্ব কিছুটা কমে গেছে। তবে সরকার থেকে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তা ছাড়িয়ে গেছে।
পশ্চিমাঞ্চল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী বলেন, সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে কিছু কিছু খাত থেকে রাজস্ব আহরণ কমিয়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে আরও কমিয়ে দেওয়া হবে। এ কারণে রাজস্ব কমতে পারে। তিনি বলেন, সুন্দরবনের নতুন সম্পদ কাঁকড়া। কাঁকড়া অত্যন্ত সুস্বাদু। তাই বাইরের দেশে কাঁকড়ার কদর বেশি। এ কারণে প্রতিবছর কাঁকড়া থেকে রাজস্ব বেড়েই চলেছে।
এ ব্যাপারে বন বিভাগ খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহম্মেদ বলেন, ‘বন থেকে রাজস্ব আহরণই মূল লক্ষ্য নয়। বন সংরক্ষণ করাই আমাদের প্রধান লক্ষ্য। যেমন সুন্দরবনে ট্যুরিজম বেড়ে গেলে তা বনের জন্য ক্ষতিকর হবে। তাই আমরা চাই বন থেকে যত কম সম্ভব রাজস্ব আহরণ করা যায়। তা ছাড়া বিকল্প কর্মসংস্থান সৃষ্টির কারণে আগের চেয়ে কমসংখ্যক মানুষ এখন বনের ওপর নির্ভরশীল। এ সংখ্যা যত দ্রুত সম্ভব আরও কমিয়ে আনতে চাই।’