প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে তিস্তা চুক্তি একটি আলোচিত বিষয়। চার দিনের এ সফরেও তিস্তার পানি ভাগাভাগি নিয়ে কোনো চুক্তি হলো না। ভারতের গণমাধ্যম বলছে, তিস্তার পানির বিনিময়ে পশ্চিমবঙ্গ এখনো কোনো কিছু পাওয়ার প্রতিশ্রুতি না পাওয়ায় চুক্তির বিষয়টি ঝুলে আছে।
গতকাল রোববার ফার্স্ট পোস্ট-এর একটি বিশ্লেষণের শিরোনাম ছিল, ‘হাউ চায়না ইজ অ্যা মেজর ফ্যাক্টর ইন দ্য নিউ ইন্দো-বাংলাদেশ ইক্যুয়েশন।’ এতে বলা হয়, তিস্তার পানিবণ্টন চুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি এখনো দেয়নি নয়াদিল্লি। যার কারণে এখনো এই চুক্তি স্বাক্ষর ঝুলে আছে।
‘মোদি টেকস তিস্তা প্লান্জ’ শিরোনামে টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, মমতা তিস্তার পানিবণ্টন চুক্তিকে দর-কষাকষির ইস্যুতে পরিণত করেছেন বলে ভারত ও বাংলাদেশের কূটনীতিকেরা মনে করছেন। এই খবরের আরেক অংশে বলা হয়, ভারত-বাংলাদেশ পরীক্ষামূলক ট্রেন ও বাসসেবা উদ্বোধনের সময় মোদি ও মমতার অভিব্যক্তিতে তাঁদের মধ্যকার চাপা উত্তেজনা প্রকাশ পেয়ে গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর শিরোনাম ‘হোয়াই ফোকাস অন তিস্তা? দিদি মুট্স প্লান উইদ থ্রি আদার রিভারস’। প্রতিবেদনে বলা হয়, মমতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, তিস্তার দিকে মনোযোগ না দিয়ে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী অন্য নদীগুলোর পানিবণ্টনের সম্ভাবনার বিষয়টি যাচাই করে দেখতে পারে ভারত ও বাংলাদেশের সরকার।
‘পিএম মোদি প্রমিসেজ শেখ হাসিনা আর্লি সল্যুশন টু ভেক্সড তিস্তা ওয়াটার ডিসপিউট’ শিরোনাম টাইমস অব ইন্ডিয়ার খবরের। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টন ইস্যুতে আগের অবস্থানে অনড় থেকে তোর্সার পানিপ্রবাহ ও পরিমাণ মাত্রা ভারত ও বাংলাদেশকে একটি কমিশন গঠনের প্রস্তাব করেছেন। এই পত্রিকার আরেক খবরে বলা হয়, সন্ত্রাস দমনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভারত ও বাংলাদেশ নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে।
এনডিটিভির এক খবরে বলা হয়, তিস্তা ইস্যু সমাধানে ভারতের প্রতিশ্রুতি ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বাংলাদেশের জনগণকে নিশ্চয়তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বাংলাদেশ সরকারের সন্ত্রাস নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, ‘সন্ত্রাসবাদের ক্ষেত্রে তাঁর (শেখ হাসিনার) সরকারের “জিরো টলারেন্স” নীতি আমাদের সবার জন্যই অনুপ্রেরণা।’
দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে এসে আওয়ামী লীগ কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে। আর দুই বছর পরই বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং এতে তিস্তার পানিবণ্টন একটি ইস্যু হয়ে দাঁড়াবে।
কলকাতার পত্রিকাজুড়ে মমতার ‘তোর্সা’
কলকাতা প্রতিনিধি জানান, কলকাতা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রপত্রিকায় তিস্তা চুক্তি নিয়ে মমতার বিকল্প প্রস্তাবটিই ফলাও প্রচার করা হয়েছে।
দৈনিক আজকাল-এর প্রথম পাতায় সাত কলামজুড়ে ‘তিস্তা নয়, তোর্সা?’ শিরোনামে ছাপানো প্রতিবেদনে রয়েছে হাসিনা-মোদি-মমতার ছবি। প্রথম পাতার আরেকটি খবরের শিরোনাম, ‘ছোট ছোট নদী নিয়ে মমতার বিকল্প প্রস্তাব’।
সংবাদ প্রতিদিন-এর সাত কলামজুড়ে প্রধান শিরোনাম ‘আমাদের আমলেই তিস্তার সমাধান, হাসিনাকে মোদির আশ্বাস—অন্য নদী থেকে জল নিলে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর। তিস্তায় অনড়, বিকল্প প্রস্তাব মমতার।’এই সময় শিরোনাম করেছে ‘তিস্তার জলে নারাজ মমতা’।
আনন্দবাজার পত্রিকা প্রথম পাতার প্রধান খবরের শিরোনাম করেছে, ‘বিকল্প প্রস্তাব মমতার, তিস্তা নয়; জল দেব তোর্সার।’ আনন্দবাজার গ্রুপের ট্যাবলয়েড এবেলার শিরোনাম ‘তিস্তার পাল্টা তোর্সা’।
আট কলামজুড়ে যুগশঙ্খ শিরোনাম করেছে, ‘সাক্ষী মমতা, হাসিনাকে তিস্তা নিয়ে আশ্বাস মোদির। তিস্তার বদলে তোর্সা, মমতার মাস্টার স্ট্রোক।’