পশ্চিমবঙ্গ 'বাংলা' হলে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ হলে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করা হবে। অপমান করা হবে জাতীয় সংগীত, ভাষা ও জাতির প্রেরণাদীপ্ত স্লোগান ‘জয় বাংলা’— বাংলাদেশের অহংকারের এই তিন স্তম্ভকে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়াকক্ষে ‘জয় বাংলা থেকে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন প্রসঙ্গ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে যদি বাংলা হয়, তাহলে আমরা যে জাতীয় সংগীত গাই ‘‘আমার সোনার বাংলা’’, এর মাধ্যমে কি তবে আমরা পশ্চিমবঙ্গকে বোঝাব? আমাদের এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে।’
সভায় ‘বাংলাদেশ ও জয় বাংলা: পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে অদূরদর্শিতা’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন কবি মুহাম্মদ সামাদ।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আরও আগেই জাতীয়ভাবে প্রতিবাদ করার প্রয়োজন ছিল। রাজনীতিবিদ এবং ভাষা ও সাহিত্যের ইতিহাসের প্রতি যারা শ্রদ্ধাশীল, তাদের সমস্যাটি উপলব্ধি করা দরকার।
এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্তের প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনা উচিত।