পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি জেলে গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উপকূলরক্ষীরা বাংলাদেশের আট জেলেকে গ্রেপ্তার করেছেন। গভীর সমুদ্রে ট্রলারে করে মাছ ধরার সময় এরা ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন।
গত বুধবার সকালে সুন্দরবন বাঘ প্রকল্পের বাঘমারি এলাকার সমুদ্র থেকে এই বাংলাদেশি জেলেদের গ্রেপ্তার করেন উপকূলরক্ষীরা। তাঁদের সুন্দরবন উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি জেলেরা জানিয়েছেন, তাঁদের বাড়ি চট্টগ্রামে। ভুল করে তাঁরা ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়েছিলেন।
সমঝোতার ভিত্তিতে দ্রুত নির্বাচনের আহ্বান আকবর আলি খানের
নিজস্ব প্রতিবেদক
যত দ্রুত সম্ভব সমঝোতার ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেছেন, বর্তমান সংসদের আইনগত ভিত্তি যতই দৃঢ় হোক না কেন, এর নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন আছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি বেসরকারি টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আকবর আলি খান এ কথা বলেন।
আকবর আলি খান বলেন, ৫ জানুয়ারির নির্বাচন এক দিক থেকে সঠিক। সংসদ ও সংবিধানের আইনকানুনের কোনো ব্যতিক্রম না করে ওই নির্বচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সংবিধানে নির্বাচন অনুষ্ঠানের পেছনের যুক্তিগুলো যদি বিশ্লেষণ করা হয়, তাহলে নির্বাচন সঠিক হয়নি।
আকবর আলি খান আরও বলেন, এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধরনের নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয় না এবং গণতান্ত্রিক বিধিসম্মত নয়। ১৪৭টি আসনে নির্বাচন হলেও তার ৮০ থেকে ৯০ শতাংশ আসনে ফলাফল প্রায় আগে থেকে নিশ্চিত ছিল।
সাবেক এই আমলা বলেন, ‘দেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার দায় সব রাজনৈতিক দলের। এসব সহিংসতার একটা কারণ হলো, যাঁরা নির্বাচনে জয়লাভ করেন, তাঁরা তাঁদের দলের কর্মীদের মাফ করে দেন, আর বিরোধী দলকে শাস্তি দেন। এ ধরনের মনোবৃত্তি যতক্ষণ পর্যন্ত শাসনব্যবস্থায় থাকবে, ততক্ষণ আমরা যা-ই বলি না কেন, নির্বাচনী সহিংসতা দূর করা সম্ভব হবে না।’
টেলিভিশন চ্যানেলটির গতকালের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনার দায়’। সংসদীয় ধারার এই বিতর্কে গতকাল সরকারি দল হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এবং বিরোধী দল হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রাণবন্ত এ প্রতিযোগিতায় বিজয়ী হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।