পশ্চিমবঙ্গে আটক বাংলাদেশি শিশুদের দেশে ফেরত পাঠানো হোক: কিরীটি রায়
পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার ও হোমে বন্দী বাংলাদেশের শিশু-কিশোরদের দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন কলকাতার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সাধারণ সম্পাদক কিরীটি রায়। আজ শুক্রবার সকালে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে কিরীটি রায় বলেন, ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গের কারাগার ও হোমে বন্দী বাংলাদেশি শিশু-কিশোর এবং কোলের সন্তানসহ মায়েদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। তারা আজ বিভিন্ন কারাগার এবং সরকারি ও বেসরকারি হোমে মানবেতর জীবন যাপন করছে। এসব শিশু-কিশোর ও মায়েরা পেটের দায়ে এবং চাকরির প্রলোভনে পশ্চিমবঙ্গে পাচার হয়ে এসে বিএসএফ ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে তাদের বয়সের কারণে কাউকে কাউকে বিভিন্ন হোমে পাঠিয়ে দেওয়া হয়। অথচ এদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না ।
তিনি জানান, পশ্চিমবঙ্গে ১৬০টির বেশি সরকারি ও সরকারের সাহায্যপুষ্ট হোম রয়েছে। রয়েছে ৩৭টি কারাগার। এসব হোম বা কারাগারের প্রতিটিতেই বন্দী রয়েছে বাংলাদেশের শিশু-কিশোর এবং কোলের সন্তান নিয়ে মায়েরা। অথচ ২০১২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশিকায় বলা হয়েছিল, আটক বা গ্রেপ্তার হওয়া ১৮ বছরের কম বয়সীদের বিরুদ্ধে বিদেশি আইনে কোনো মামলা দেওয়া চলবে না। বরং তাদের আটকের পর দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। অথচ পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের গ্রেপ্তার করে পাঠিয়ে দিচ্ছে নিকটবর্তী থানায়। সেখান থেকে অপ্রাপ্তবয়স্কদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আবাসিক হোমে। আর এই হোমে থাকলেও এদের ফেরত পাঠানোর ব্যাপারে তেমন কার্যকর উদ্যোগ নিচ্ছে না ভারত। বাংলাদেশ সরকারও তাদের ফেরত নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে তারা কারাগারেই কাটাচ্ছে মানবেতর জীবন।
কিরীটি রায় বলেন, পশ্চিমবঙ্গের কারাগার বা হোমে ৫ থেকে ১০ বছর ধরে বন্দী রয়েছে অনেক বাংলাদেশি শিশু-কিশোর। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের শুভায়ন সরকারি শিশু-কিশোর হোম সেখানে বন্দী ৩৬ বাংলাদেশি শিশু-কিশোরকে বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন করেছে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে। ওই সব শিশু-কিশোর পাচারের শিকার হয়ে আজ বন্দী। এই শিশু-কিশোরদের ফেরত পাঠানোর এই আবেদন পাঠানোর উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবী সংস্থা ‘সোসাইটি ফর পার্টিসিপেটরি অ্যাকশন অ্যান্ড রিফ্লেকশন’।
এদিকে শুভায়ন সরকারি শিশু-কিশোর হোমের সুপারিনটেনডেন্ট দাওয়া দোর্জি শেরপা বলেছেন, ওই আবেদন পাঠানোর পর আরও নয় বাংলাদেশি কিশোর হোমে এসেছে। হোমে বন্দী ৩৬ শিশু-কিশোরের বাড়ি বাংলাদেশের দিনাজপুর, খুলনা, যশোর, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড়, পাবনা, কক্সবাজার, ঢাকা, বান্দরবান ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।