পশ্চিমবঙ্গে আটকে আছে ১৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ ধরার ট্রলার বিকল হয়ে প্রায় দুই মাস ধরে পশ্চিমবঙ্গের দিঘায় আটকে আছে ১৪ বাংলাদেশি জেলে। আইনি জটিলতায় তাঁরা দেশে ফিরতে পারছেন না।

জানা গেছে, গত ১৬ নভেম্বর এমভি চম্পা নামের ট্রলারে করে ১৪ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পর দিন এটি বিকল হয়ে পড়ে। বিকল ট্রলারটি নিয়ে পাঁচ দিন সাগরে ভেসে থাকেন জেলেরা। তাঁদের সঙ্গে থাকা খাবারও শেষ হয়ে যায়। ভারতীয় সীমান্তে চলে এলে একটি ভারতীয় ট্রলার তাঁদের উদ্ধার করে পূর্ব মেদিনীপুরে দিঘার সমুদ্রবন্দরে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রলারের কাগজপত্র দেখে নিশ্চিত হয় যে ট্রলারটি বাংলাদেশের। মানবিক কারণে তাঁদের গ্রেপ্তার না করে স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ঠাঁই দেয়। তবে আইনি জটিলতায় প্রায় দুমাস হতে চললেও তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়নি।

আটকে পড়া ১৪ বাংলাদেশি হলেন আলতাফ ফরাজি, জাকির মাঝি, রফিক মাঝি, সোবহান সরদার, ভাইজার, বাবুল, সেলিম, জাহাঙ্গীর, রহিম, ইব্রাহিম, দুলাল, জয়নাল, শরিফ ও জসীম উদ্দিন।

তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে দিঘার পুলিশ এবং মৎস্যজীবী সংগঠন। ইতিমধ্যে মেরামতও করা হয়েছে বিকল ট্রলারটি।

পূর্ব মেদিনীপুরের কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এখনো অনুমতি না আসায় তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো যায়নি।

পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সহকারী পরিচালক (মেরিন) রামকৃষ্ণ সর্দার বলেছেন, ফেরত পাঠানোর জন্য ভারতের উপকূলরক্ষী বাহিনীর (কোস্টাল গার্ড) কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন এসেছে। ১৪ বাংলাদেশি মৎস্যজীবীকে শিগগিরই উত্তর ২৪ পরগনার হেমনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে দিঘার কোস্টাল থানাও প্রয়োজনীয় নথি তুলে দিয়েছে।