পশ্চিমবঙ্গে আড়াই হাজারের বেশি বাংলাদেশি কারাবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে আড়াই হাজারেরও বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন। এঁদের মধ্যে পাঁচ শর বেশি বন্দী রয়েছেন, যাঁদের কারাদণ্ডের মেয়াদ তিন-চার বছর আগে শেষ হয়েছে। কিন্তু দুই দেশের মধ্যে কূটনৈতিক জটিলতার কারণে জানখালাসপ্রাপ্ত এসব বন্দী দেশে ফিরতে পারছেন না। এ জটিলতার কারণে অন্য বন্দীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে। ফলে দেশে ফিরে যাওয়ার দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায়ই বাংলাদেশি বন্দীরা বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করছেন।এর মধ্যে কারাবন্দীরা শিলিগুড়ি, বহরমপুর ও কোচবিহার কারাগারে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেছেন। কিন্তু তাতে খুব কাজ হচ্ছে না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। মানবিক দিক বিবেচনায় না নিয়ে শুধু আইনি পথে চলতে গিয়ে বন্দীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দীর্ঘায়িত করে তুলছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ ব্যাপারে গত সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণে রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) বি ডি শর্মা প্রথম আলোকে জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে এখন দুই হাজার ৫০৯ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা এক হাজার ২১২ জন। পুরুষ বন্দী এক হাজার ৭০ ও নারী বন্দী ১৪২ জন। বিচারাধীন বন্দীর সংখ্যা ৭১০ জন (পুরুষ ৫৯৬ জন ও নারী ১১৪ জন)। জানখালাসপ্রাপ্ত বন্দী রয়েছেন ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ৪৭৫ ও নারী ১১২ জন। এই তালিকার বাইরে রয়েছে আরও ১৬৬টি শিশু। এরা রয়েছে নারী বন্দীদের সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ৫৪টি কারাগারে এখন বাংলাদেশি বন্দীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৫ জনে।সবচেয়ে বেশি ৮৬৮ জন বাংলাদেশি বন্দী রয়েছেন বহরমপুর কারাগারে। এ ছাড়া রয়েছে ৫৪টি শিশু। দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ২৭১ জন, যা দ্বিতীয় সর্বোচ্চ। এখানে শিশু রয়েছে ২৮টি। এ ছাড়া মালদহ কারাগারে রয়েছেন ৭২ জন বন্দী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা কারাগারে বন্দীর সংখ্যা ১৭৮ জন এবং শিশু রয়েছে ১০টি। কোচবিহারে রয়েছেন ১৬৭ জন বন্দী এবং শিশু রয়েছে ৪৮টি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন ৯৮ জন এবং শিশু রয়েছে চারটি। এই কয়েকটি কারাগারে সবচেয়ে বেশি ৪৩৪ জন জানখালাসপ্রাপ্ত বন্দী রয়েছেন। বাকি বন্দী ও শিশুরা আছে রাজ্যের অন্যান্য কারাগারে।বিডি শর্মা জানান, মূলত অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে এসব বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, দালাল চক্রের খপ্পরে পড়ে ওই সব বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পারাপারের ঝুঁকি নেন। অনেক নারী পাওয়া গেছে, যাঁদের দেহব্যবসার জন্য ধরে এনেছে দালাল চক্র। ধরা পড়ার পর এসব বাংলাদেশির ঠাঁই হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বেশির ভাগ বাংলাদেশি নাগরিকই আদালতে আইনজীবী নিয়োগ দিতে পারেন না। ফলে তাঁদের কারাদণ্ড হয়। বিডি শর্মা বলেন, ‘কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর আমরা সংশ্লিষ্ট বাংলাদেশির নাম-পরিচয় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠিয়ে দিই। সেখান থেকে প্রয়োজনীয় অনুমতি আসতে দেরি হওয়ায় এসব বন্দীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বিলম্বিত হয়।’এ ব্যাপারে গতকাল মঙ্গলবার কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের কেউ গ্রেপ্তার হলে আমরা সঙ্গে সঙ্গে কোনো খবর পাই না। খবর পাই পত্রিকায় বা গ্রেপ্তার হওয়া বন্দীদের স্বজনদের কাছ থেকে। এরপর আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে নাম-পরিচয় শনাক্ত করে তা বাংলাদেশে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির দেশ থেকে নাগরিকত্বের কাগজপত্র পাওয়ার পর ওই সব বন্দীকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিই আমরা। পুরো প্রক্রিয়াটি শেষ করতে কয়েক দিন লাগে। তা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার বন্দীদের ব্যাপারে বিস্তারিত না জানালে আমাদের পক্ষেও জানা সম্ভব হয় না কোন কারাগারে কত বাংলাদেশি বন্দী রয়েছেন। এতে অনেক বন্দীই মেয়াদ শেষ হওয়ার পরও বন্দী থাকছেন।’বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনার ওপর গুরুত্ব দিয়ে উপ-হাইকমিশনার বলেন, এ ব্যাপারে আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিচালকের (কারা) সঙ্গে তাঁর একটি বৈঠক হওয়ার কথা হয়েছে। তিনি জানান, এখন বন্দীদের নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়টি দ্রুততার সঙ্গে সম্পাদনের উদ্যোগ নিয়েছে সরকার।কলকাতায় উপ-হাইকমিশনের বন্দী নাগরিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম সচিব (রাজনৈতিক) আবুল হাসান মৃধা বলেন, ‘আমরা যখনই তালিকা পাই, তখনই তা ঢাকায় পাঠিয়ে দিই। ঢাকা থেকে প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন্দীদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিই। তবে বেশির ভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশি বন্দীদের ব্যাপারে সময়মতো জানায় না। তাই জানখালাসপ্রাপ্ত বন্দীদের দেশে ফেরত পাঠাতে দেরি হয়।’