পশ্চিমবঙ্গে একই পাঠ্যক্রম বিদ্যালয় ও মাদ্রাসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিদ্যালয় ও মাদ্রাসার একই পাঠ্যক্রম। মুসলমান ছাড়াও অন্য ধর্মাবলম্বীরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-পর্যায় পর্যন্ত মাদ্রাসায় পড়ার সুযোগ পায়। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান শুধু মুসলমানেরা। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আবদুস সাত্তার এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সভায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার বলেন, ভারতের সংবিধান সে দেশে বসবাসকারী সব ধর্মের জনগণের সমান অধিকার নিশ্চিত করেছে। এ কারণে পশ্চিমবঙ্গের মুসলমানেরা রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর মুসলমানেরা ভারতে রাতারাতি সংখ্যালঘুতে পরিণত হয়। তবে ৬০ বছরে মুসলমানেরা অনেক এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এই প্রতিমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিরাও প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস পালন করে। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্তির জন্য পশ্চিমবঙ্গের সরকার ও সেখানকার জনগণও বাংলাদেশিদের দাবির সঙ্গে একমত পোষণ করে। এশিয়ার উন্নয়নে এশিয়ার সব রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।