পশ্চিমবঙ্গে গিয়ে ৩১ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের জন্য বিনা পাসপোর্টে ভারতে এসে গ্রেপ্তার হয়েছে ৩১ বাংলাদেশি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা দালালদের সাহায্যে একটি বাসে করে কাকদ্বীপ যাচ্ছিল। এ সময় পথে বাস থামিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কুলপি থানার এক কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন মহিলা। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। তারা দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে আসে। গতকাল তাদের ডায়মন্ডহারবার মহকুমার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পুলিশকে জানায়, দালালরা তাদের কাজের প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসে।