পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আকাশবাণী মৈত্রী
ভারত ও বাংলাদেশের মৈত্রী বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে ২৮ জুন পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বাংলা রেডিও স্টেশন ‘আকাশবাণী মৈত্রী’। বাংলাদেশের সব অঞ্চলকে এই বেতারের আওতায় আনতে কলকাতার অদূরে চুঁচুড়ায় বসানো হয়েছে শক্তিশালী ট্রান্সমিটার। এই স্টেশন থেকে প্রতিদিন বাংলায় ১৬ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় চালু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেটার অফিস ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বাড়িতে। একাত্তরে কলকাতার বাংলা বেতার কেন্দ্র আকাশবাণীতেও প্রচারিত হতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা অনুষ্ঠান এবং খবর। তখন থেকেই আকাশবাণীতে চালু হয় বাংলাদেশসহ বাংলাভাষীদের জন্য আকাশবাণীর বাংলা কেন্দ্র। থাকত এই কেন্দ্রে বাংলা ভাষার নানা অনুষ্ঠান। কিন্তু ২০১০ সাল থেকে সেই বাংলা অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয়ে যায়।
২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নতুন করে পশ্চিমবঙ্গে একটি বাংলা স্টেশন চালুর উদ্যোগ নিতে বলেন ভারতের সরকারি সম্প্রচার মাধ্যমগুলোর কর্তৃপক্ষ প্রসার ভারতীকে। আকাশবাণীর বার্তা বিভাগের এক সাংবাদিক প্রথম আলোকে জানান, ২৮ জুন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া থেকে আকাশবাণী মৈত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক ফৈয়াজ শাহারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভিশন নিয়েছেন, নতুন এই উদ্যোগ সেই লক্ষ্যে পৌঁছানোর পথ প্রশস্ত করবে।
আকাশবাণীর একাত্তরের শব্দসৈনিক উপেন তরফদার প্রথম আলোকে বলেন, নতুন এই বেতার দুই দেশের মৈত্রী বন্ধনকে আরও জোরদার করবে। এতে করে এই দুই দেশের মানুষ আরও কাছাকাছি আসতে পারবে।