পশ্চিমবঙ্গে জামায়াত জেএমবির ঠাঁই হবে না: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে পালিয়ে আসা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বা জামায়াতে ইসলামীর কাউকেই পশ্চিমবঙ্গে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ থেকে আসা একটি সংসদীয় প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তাঁদের এ কথা বলেন মমতা।

পশ্চিমবঙ্গের রাজ্য
সচিবালয় নবান্নে গতকাল শনিবার বিকেলে মমতার সঙ্গে সাক্ষাৎ করে আট সদস্যের প্রতিনিধিদলটি। ওই বৈঠকে অংশ নেওয়া সাংসদ শফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানান।

সাক্ষাৎকালে মমতা আরও বলেন, জামায়াত ও জেএমবির বিরুদ্ধে বাংলাদেশের সরকার যে ভূমিকা নিয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রয়েছে অটুট মৈত্রীবন্ধন। এই মৈত্রীবন্ধন আরও দৃঢ় করতে হবে। সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ ফারুক খান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধিদল নবান্নে বৈঠক শেষ করে দিল্লিতে চলে যায়।

সাংসদ শফিকুল ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই তিস্তা এবং ছিটমহল প্রসঙ্গ তুলে জানান, এ নিয়ে তিনি কথা বলবেন উচ্চ মহলে। তবে তিনি এই আশ্বাসও দেন, এই দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে তাঁর উদ্যোগের কোনো কমতি থাকবে না।

বৈঠক সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান।