পশ্চিমবঙ্গের একাদশ-দ্বাদশ শ্রেণীর (উচ্চমাধ্যমিক) ইতিহাস পাঠ্যক্রমে পরিবর্তন হচ্ছে। নতুন করে যোগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ভাষা আন্দোলনের ইতিহাস। বাদ পড়ছে রুশ বিপ্লব ও মার্ক্স-লেনিনের অবদানের কথা।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের হাওয়া তুলে ক্ষমতায় আসার পর এবার ইতিহাসের পাঠ্যক্রম পরিবর্তনে হাত দিয়েছেন। ইতিমধ্যে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে গঠিত হয়েছে একটি পাঠ্যক্রম সংস্কার কমিটি। কমিটির প্রধান অধ্যাপিকা শিরিন মাসুদ। আগামী সপ্তাহে এই কমিটির প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।কমিটির সূত্রে প্রকাশ পেয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ্যক্রম থেকে তুলে দেওয়া হচ্ছে রুশ বিপ্লব এবং মার্ক্স-লেনিনের অবদানের কথা। তবে সেখানে সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত হচ্ছে মার্ক্স-লেনিনের জীবনী।পাঠ্যক্রম থেকে রুশ বিপ্লব বা মার্ক্স-লেনিনকে বাদ দেওয়ার উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন কলকাতার বিশিষ্ট ইতিহাসবিদেরা। তাঁরা বলেছেন, এটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। অন্যদিকে, লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁরা জানেন না মুখ্যমন্ত্রীকে এই পরামর্শ কে দিয়েছেন। এই সিদ্ধান্ত বিতর্কিত এবং প্রত্যাহার করা উচিত।