পশ্চিমবঙ্গে বাংলাদেশের পাঁচ জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে জলদস্যুদের তাড়া খেয়ে পশ্চিমবঙ্গের সমুদ্রসীমায় ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশের পাঁচ জেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাপস মিত্র কারাদণ্ডের এ আদেশ দেন। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, গত ২৮ জানুয়ারি সমুদ্রে মাছ ধরার সময় ডাকাতদের তাড়া খেয়ে বাংলাদেশের ওই জেলেরা পশ্চিমবঙ্গের সমুদ্রসীমায় ঢুকে পড়েন। তারপর তাঁরা ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মুস্তাফা, নুরুল ইসলাম, জাহাঙ্গীর খান, হীরু খান ও বিষ্ণুপদ বিশ্বাস। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বঙ্গোপসাগর উপকূলের কেঁদো দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। ওই সময় জলদস্যুদের হাতে নিহত হয় চারজন ভারতীয় মৎস্যজীবী। একই সঙ্গে বাংলাদেশের সাত মৎস্যজীবীও নিখোঁজ হন। এখনো তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করা হলে কাউন্সেলর আ ন ম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে জানান, বাংলাদেশের ওই জেলেদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কারাদণ্ড হওয়ায় তাঁদের ফেরত নেওয়ার বিষয়টি পিছিয়ে গেল।