পশ্চিমবঙ্গের কারাগারে অনশন শুরু করেছেন ১৩০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে দেশে ফেরত পাঠানোর দাবিতে বুধবার থেকে অনশন শুরু করেছেন ছয়জন নারীসহ ১৩০ জন বাংলাদেশি বন্দী।এই বন্দীদের ৪৮ জনের কারাভোগের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৮২ জনের মধ্যে আছেন দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন বন্দী। তাঁরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশের হাতে গ্রেপ্তার হন।রায়গঞ্জ কারাগারের সুপার বিদ্যুৎ কুমার রায় গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বুধবার থেকে বাংলাদেশি এই বন্দীরা দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনশন শুরু করেন। এখন তাঁরা কোনো খাবারই গ্রহণ করছেন না। ইতিমধ্যে ২৯ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেল সুপার আরও বলেন, এসব বন্দীর অনেকেরই নাগরিকত্ব প্রমাণের পর বাংলাদেশ সরকার ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু বিজিবি কর্তৃপক্ষ ফেরত নেওয়ার ব্যাপারে কোনো তারিখ নির্ধারণ না করায় তাঁদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এদিকে কলকাতায় নিযুক্ত বালাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নাগরিকত্ব শনাক্ত হওয়া ৪৬ বন্দীকে দ্রুত বাংলাদেশে ফেরত নেওয়া হবে।