সাজাপ্রাপ্ত বন্দী বিনিময়ের জন্য পাঁচ বছরের বেশি সময় আগে বাংলাদেশ-ভারত চুক্তি হয়েছে। তবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে প্রায় চার হাজার বাংলাদেশি কয়েদি রয়ে গেছেন।
এ সংখ্যা ভারতে মোট বিদেশি কয়েদির প্রায় অর্ধেক। খবর আইএএনএসের।
২০১০ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত ওই চুক্তিতে বন্দীদের নিজ নিজ দেশে গিয়ে সাজা ভোগ করার বিধান রয়েছে। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো জানায়, পশ্চিমবঙ্গে মোট বাংলাদেশি কয়েদির সংখ্যা ৩ হাজার ৭৫৭। তাদের মধ্যে শিশু ১৭৫টি।
রাজ্য সরকার বাংলাদেশ-ভারত বন্দী বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
রাজ্য পুলিশের (কারা) সাবেক মহাপরিদর্শক অধীর শর্মা আইএএনএসকে বলেন, চুক্তি স্বাক্ষরের পর পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পরও তৃণমূল পর্যায়ে বন্দী হস্তান্তরের জন্য কিছুই করা হয়নি।
গত আগস্ট পর্যন্ত অন্তত এক হাজার বাংলাদেশি বন্দী নিজ দেশে ফিরে সাজার অবশিষ্ট মেয়াদ পূর্ণ করার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে বিষয়টি ঝুলে আছে।
বাংলাদেশের বিভিন্ন কারাগারেও সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দী রয়েছেন। দুই দেশেই বন্দীদের তথ্যসংবলিত সামগ্রিক তালিকা সংরক্ষণের একটি প্রস্তাব দিয়েছে ভারত।