পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে মনমোহন ঢাকায় আসছেন না
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ সফরে আসছেন না। দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, চলতি বছরের শুরুতেই ফিরতি সফরে ঢাকায় আসবেন মনমোহন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, আগামী মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে। সে ক্ষেত্রে জুনের আগে মনমোহনের বাংলাদেশ সফর হচ্ছে না। জানা গেছে, মনমোহনের সফরের সময় তিস্তার পানিবণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের পাশাপাশি সীমান্তের অনিষ্পন্ন বিষয় সমাধানের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। গত বছরের জানুয়ারিতে দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি মনমোহনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তাঁর সেই আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে ঢাকায় আসার ইচ্ছার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী।ভারতের প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সফরের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। তাই পিছিয়ে গেছে, এটাও বলা যাচ্ছে না। তবে আভাস পাওয়া গেছে, আগামী মে মাসের মধ্যে সফরটি হতে পারে।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, মনমোহনের সফরকালে তিস্তার অন্তর্বর্তীকালীন একটি চুক্তি এবং ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর আর অচিহ্নিত সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এসব বিষয়ে পশ্চিমবঙ্গের সম্পৃক্ততা আছে। তাই কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার চায় না, তিস্তা কিংবা সীমানা চিহ্নিত করার মতো ইস্যু পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনো প্রভাব ফেলুক।সূত্র জানায়, মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই নির্বাচন শেষে রাজ্যসরকারকে আস্থায় নিয়ে বাংলাদেশের সঙ্গে বিষয়গুলোর সুরাহা করতে চান মনমোহন। দিল্লি থেকে ঢাকাকে এমন আভাস দেওয়া হয়েছে।কলকাতার একটি কূটনৈতিক সূত্র ও আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, নির্বাচন কবে করা যায়, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সম্প্রতি কয়েক দফা পশ্চিমবঙ্গ সফর করেন। মূলত রাজ্যের সার্বিক পরিস্থিতি নির্বাচনের অনুকূলে কি না, সেটি তাঁরা যাচাই করে দেখছেন। নির্বাচনের সময়সূচি কিছুটা পিছিয়ে নেওয়ার পক্ষে রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট মনে করে, বাড়তি সময় পেলে তাদের যেসব দুর্বলতা আছে, তা কাটিয়ে ভোটারদের মন জয় করা সম্ভব হবে।অন্যদিকে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস নির্বাচন এগিয়ে আনার পক্ষে। তারা মনে করে, সরকারের দুর্বলতা পুঁজি করে ভোটারদের পাশে পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত। এ পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত সময়সীমা ঘোষণায় কিছুটা সময় নিচ্ছে কমিশন। এ মাসের শেষে কিংবা মার্চের শুরুতে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হতে পারে।