পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো কলকাতায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে মমতাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গতকাল বিকেলে মহাকরণে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় শেখ হাসিনার তরফ থেকে মমতাকে শুভেচ্ছা জানানো হয় এবং মমতাও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন। তবে কবে বাংলাদেশ সফরে আসছেন, সে ব্যাপারে তিনি কোনো তারিখ দেননি। বৈঠক শেষে মসিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাতে এসেছি। মুখ্যমন্ত্রী আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন।’