পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এমডির দুর্নীতি তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মবহির্ভূতভাবে গ্যাসসংযোগ প্রদান এবং জরিমানা আদায় না করে পুনঃসংযোগ দেওয়ার অভিযোগে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। এ ছাড়া তাঁকে জালালাবাদ গ্যাস কোম্পানির এমডি হিসেবে বদলি করা হয়েছে।

পেট্রোবাংলার পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বদলি ও তদন্তসংক্রান্ত দুটি চিঠি আজ বৃহস্পতিবার কোম্পানির সিরাজগঞ্জের নলকার প্রধান কার্যালয়ে পৌঁছায়। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আনিসুল হককে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্তের বিষয়ে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়, রেজাউল ইসলাম এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিরাজগঞ্জ, শাহজাদপুর, পাবনা, বেড়া, বগুড়া ও রাজশাহী এলাকায় নিয়মবহির্ভূতভাবে গ্যাসসংযোগ প্রদান এবং জরিমানা আদায় না করে পুনঃসংযোগ প্রদান করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. নুরুল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা তদন্ত কমিটির সদস্য করা হয়েছে উপমহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম ও মো. হারুন ভূঁইয়াকে।

নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত এমডি আনিসুল হক বদলি ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে রেজাউল ইসলাম পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব নেন।