পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নতুন সংযোগ নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের চারটি জেলায় নতুন গ্যাস-সংযোগ দিতে ঠিকাদার নিয়োগে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) দরপত্রে কোনো ঠিকাদার অংশ নেননি। গত সোমবার দরপত্র দাখিলের শেষ ও খোলার দিনে তিনটি স্থানে রক্ষিত বাক্সে কোনো দরপত্র জমা পড়েনি। ফলে গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ প্রাপ্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।সিরাজগঞ্জের নলকায় অবস্থিত পিজিসিএলের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, গ্যাস-সংযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন ঠিকাদার নিয়োগের জন্য ৩ জুন দরপত্র আহ্বান করে। এতে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলাকে ‘ক’ গ্রুপ এবং রাজশাহী জেলা ও ঈশ্বরদী উপজেলাকে ‘খ’ গ্রুপে ভাগ করে এক কোটি ২৬ লাখ টাকা প্রাক্কলন উল্লেখ করা হয়।অভিযোগ উঠেছে, বিক্রয় ও বিপণন বিভাগ থেকে দরপত্র আহ্বান করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে দরপত্র আহ্বান করে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ। কার্য সম্পাদনের তারিখ ২০১৪ সালের ১৫ জুন নির্ধারণ করে প্রতিটি গ্রুপে মাত্র একজন করে ঠিকাদার নিয়োগের বিধান রাখা হয়। উন্মুক্ত পদ্ধতি অনুসরণ না করে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য সীমিত পদ্ধতি অনুসরণ করে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়।নাম প্রকাশ করার না শর্তে পিজিসিএলের কর্মকর্তা ও বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র আহ্বান করার আগে কর্তৃপক্ষ ঠিকাদার ঠিক করেই নানা শর্তারোপ করে। মাত্র দুজন ঠিকাদার দিয়ে চারটি জেলার ছয়টি কার্যালয়ের আওতায় কয়েক হাজার গ্রাহকের গ্যাস-সংযোগ প্রদানের শর্ত নিয়ে কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে সমালোচনার ঝড় উঠে।পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বলেন, ঠিকাদারেরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিম্মি করে রাখতেই দরপত্রে অংশ নেননি। নিয়মানুযায়ী ১৪ দিনের মধ্যে আবার দরপত্র আহ্বান করা হবে। তিনি দাবি করেন, অর্থসংকটের কারণে একযোগে সব অঞ্চলে কাজ করা সম্ভব নয়। তাই নিয়মানুযায়ী সীমিত আকারে দরপত্র আহ্বান করা হয়েছিল। শর্তগুলো নিয়মমাফিকই জুড়ে দেওয়া হয়েছিল।