ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি থানা ও পুলিশ ফাঁড়িগুলোর সঙ্গে সমন্বিত এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ (জিআরপি)। গতকাল সোমবার থেকে এ পরিকল্পনা অনুযায়ী তৎপরতা শুরু করে জিআরপি। এ ছাড়া সতর্কতামূলক পোস্টার ও লিফলেট বিলি করে যাত্রীদের সচেতনতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলে জিআরপির ১২টি থানা রয়েছে। এগুলো হলো: সৈয়দপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, সান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, পোড়াদহ ও খুলনা। এসব থানার অধীনে রয়েছে ১৬টি ফাঁড়ি। এসব থানা ও ফাঁড়ির সমন্বয়ে পুরো পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র। একই সঙ্গে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) বসানো হয়েছে সৈয়দপুর রেলওয়ে জেলায়। নিরাপত্তাকক্ষে হটলাইন স্থাপন করা হয়েছে। এর নম্বর হলো ০১৭৩৩৩৯০১৯২ ও ০৫৫২৬-৭২১৪৭।
জিআরপি সূত্র জানায়, প্রতি ঈদে ঘুরমুখী যাত্রীরা ট্রেনে ভ্রমণকালে ছিনতাইকারী, পকেটমারের কবলে পড়ে সর্বস্বান্ত হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য, কুলি ও হকারদের হয়রানি তো থাকেই। এসব নিয়ন্ত্রণে জিআরপি টহল থাকবে প্রতিটি ট্রেনে। এ জন্য চৌকস দল গঠন করা হয়েছে। এ দলের সদস্যরা সবাই সৈয়দপুর পুলিশ লাইন থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।